Logo

লন্ডনের মঞ্চে উঠছে ‘প্রেশার কুকার’

profile picture
বিনোদন প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১২:১৯
লন্ডনের মঞ্চে উঠছে ‘প্রেশার কুকার’
ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার আন্তর্জাতিক যাত্রায় নতুন সংযোজন হতে যাচ্ছে প্রেশার কুকার। নির্মাতা রায়হান রাফী পরিচালিত এ চলচ্চিত্রটি স্থান পেয়েছে যুক্তরাজ্যের জনপ্রিয় আয়োজন লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-এর নবম আসরে। আগামী ২২ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত হবে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার প্রদর্শনী।

বিজ্ঞাপন

উৎসব কর্তৃপক্ষ জানায়, ভিন্নধর্মী গল্প ও আলাদা নির্মাণশৈলীর কারণে ‘প্রেশার কুকার’কে এবারের আসরে বেছে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক দর্শকদের সামনে নতুন ধাঁচের বাংলা সিনেমা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। প্রিমিয়ার শোতে নির্মাতা রায়হান রাফীর উপস্থিত থাকার কথাও জানা গেছে।

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো এই সিনেমাটি।

বিজ্ঞাপন

ছবিটি নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, এটি মূলত আর্টিস্টিক ঘরানার কাজ। এমন সিনেমা সাধারণত চলচ্চিত্র উৎসবের দর্শকদের কাছেই বেশি সমাদৃত হয়। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী ইতোমধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক প্রিমিয়ারের আমন্ত্রণ পুরো টিমের জন্য বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন এই নির্মাতা।

দেশের বাইরে সিনেমাটির যাত্রাও শুরু হয়েছে। চলতি সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হচ্ছে ‘প্রেশার কুকার’। পাশাপাশি আগামী সপ্তাহে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরীসহ একাধিক তারকা।

বাংলা সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে ‘প্রেশার কুকার’-এর এই অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি/আরএক্স/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD