Logo

মঞ্চে আসছে তৈনগাঙ থিয়েটার এর ‘নাক্‌শ লুরি’

profile picture
বিনোদন প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৭:০৪
মঞ্চে আসছে তৈনগাঙ থিয়েটার এর ‘নাক্‌শ লুরি’
ছবি প্রতিনিধি।

পাহাড়ের তঞ্চঙ্গ্যা জাতিসত্তার অন্যতম সক্রিয় নাট্যদল তৈনগাঙ থিয়েটার বিষু উৎসব ও বৈসাবি মেলা ২০২৬ উপলক্ষে মঞ্চে আনছে তাদের নতুন প্রযোজনা ‘নাক্‌শ লুরি’। এটি নাট্যদলটির ৭ম প্রযোজনা। নাটকটি রচনা করেছেন রন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন।

বিজ্ঞাপন

‎‘নাক্‌শ’ একটি পাহাড়ি ফুল। পাহাড়ে জঙ্গলে ফোটে। নগরজীবনে খুব একটা পরিচিত নয়। নিভৃতে আপন শোভা আর সুবাস ছড়িয়ে যায় সে। "তৈনগাঙ থিয়েটার" এর নতুন প্রযোজনা ‘নাক্‌শ লুরি’। লুরি তঞ্চঙ্গ্যা শব্দ। এর অর্থ লতা। ‘নাক্‌শ লুরি’ নামটি প্রতীকী। তঞ্চঙ্গ্যা জাতিসত্তার রয়েছে নিজস্ব ঐতিহ্য, বর্ণিল সংস্কৃতি যা নিজস্ব ছন্দে সৌন্দর্যে সমৃদ্ধ।  তঞ্চঙ্গ্যা জাতিlসত্তা যেন এক নাক্‌শ ফুল। তার জীবনের নানান বাঁক মিলিত হয়েছে যেন এক অদৃশ্য লতায়।

‎‘নাক্‌শ লুরি’ প্রযোজনাটিকে তঞ্চঙ্গ্যা জীবন আলেখ্য বলা যেতে পারে। যেখানে তাদের জন্ম- মৃত্যু, সংগ্রাম, প্রেম-বিরহ, বিশ্বাস- অবিশ্বাস, লৌকিক- অলৌকিক, সামাজিক, ধর্মীয় জীবন প্রবাহের নানান কৃষ্টি-সংস্কৃতি লতার মতো গানে- অভিনয়ে- নৃত্যে অঙ্কিত হয়েছে।

বিজ্ঞাপন

‎জীবন প্রবাহমান নদীর মতো। দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনার মধ্যেও সে গতিশীল। ‘নাক্‌শ লুরি’ নাটকে তঞ্চঙ্গ্যা জাতিসত্তার একান্ত জীবনযাত্রাকে নানা রঙে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাটকটি একটি গ্রামের অধিবাসীদের কেন্দ্র করে এগিয়ে চলে। তাদের জীবনের নানা গল্প ভেসে উঠে মঞ্চের আলো আঁধারে। ঘটনা বিবৃত হয় কখনও কথায়, কখনও গানে। কখনও চিত্রিত হয় নৃত্য আর কোরিওগ্রাফিতে। পাহাড়ি জনপদের তঞ্চঙ্গ্যা অধিবাসীর চেনা অচেনা নানান ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গাঁথা মালা ‘নাক্‌শ লুরি’।

নাটকটি নিয়ে নাট্যকার রন্ত কুমার তঞ্চঙ্গ্যা বলেন, দীর্ঘদিন ধরে তঞ্চঙ্গ্যা জীবনধারার আলোকে গীতিনাট্যের আদলে একটি নাটক রচনার চেষ্টা করে আসছিলাম। তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী গিঙিলি, উবাগীতসহ তাদের নিজস্ব সুর ও সংগীতভাণ্ডার এই নাটকের প্রধান প্রেরণা হিসেবে কাজ করেছে। তাই নাটকটি রচনার সময় তাদের ঐতিহ্যবাহী গান ও সুরকে বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি।

নির্দেশক আশিক সুমন বলেন, একটি নাটক, গান, নৃত্য, সিনেমা বা সাহিত্যে কোন জাতির আদ্যপান্ত তুলে ধরা অসম্ভব। সময়ের আবর্তে প্রযোজনাটি আরও বিষয়বস্তু সংযোজনের মাধ্যমে সমৃদ্ধ হবে। নাটকের সংগীতে, ডিজাইনে, কোরিওগ্রাফিতে তঞ্চঙ্গ্যা চালচলন, নিজস্ব ভাবের ব্যবহার করার চেষ্টা করেছি, যেন প্রযোজনাটিতে তার মৌলিকত্ব বজায় থাকে। অভিনয় ও অভিব্যক্তি, চলাফেরায় সাবলীলতাকে গুরুত্ব দেয়া হয়েছে। আরোপিত চাকচিক্যের বাহুল্যতাকে বর্জন করে সাধাসিধা নিরেট একটি প্রযোজনা উপস্থাপন করার চেষ্টা করেছি।

বিজ্ঞাপন

‎নাটকটিতে অভিনয় করেছেন- সুবিতা তঞ্চঙ্গ্যা, সুবর্ণা তঞ্চঙ্গ্যা, পূর্ণালী তঞ্চঙ্গ্যা, বিশাল তঞ্চঙ্গ্যা,  প্রদীপ্ত তঞ্চঙ্গ্যা,  কাজলী তঞ্চঙ্গ্যা, বিদর্শন তঞ্চঙ্গ্যা, সুচরিতা সাহা, বিদর্শনা তঞ্চঙ্গ্যা, সুকান্ত তঞ্চঙ্গ্যা, জানন তঞ্চঙ্গ্যা ও রন্ত কুমার তঞ্চঙ্গ্যা। নাটকে নেপথ্যে গানে কন্ঠ দিয়েছেন পাহাড়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নব কুমার তঞ্চঙ্গ্যা ও প্রতিশ্রুতিশীল শিল্পী পূর্ণালী তঞ্চঙ্গ্যা। সংগীত কম্পোজিশনে সুনীল কুমার তঞ্চঙ্গ্যা। মঞ্চ ও লাইট ডিজাইনে করেছেন নির্দেশক আশিক সুমন। প্রপস্ ডিজাইনে নাট্যকার  রন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও "নাক্‌শ লুরি" টিম। কস্টিউম ডিজাইন ‘নাক্‌শ লুরি টিম’।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রাঙ্গামাটির  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বৈসাবি মেলা ২০২৬ এর মুক্তমঞ্চে সমাপনী দিন ১১ এপ্রিল (শনিবার) বিকাল ৫টায় নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। নাটকটি নাট্যামোদী দর্শক ও মেলায় আগত দর্শনার্থী সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD