হজ পালনে সৌদি আরব যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শিগগিরই সৌদি আরব যাচ্ছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে এবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে এই ধর্মীয় সফরে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
হজে যাওয়ার প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমে কথা বলতে গিয়ে চম্পা জানান, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ইতোমধ্যেই হজ পালন করেছেন। বিশেষ করে তার বড় বোনেরা আগে এই ফরজ ইবাদত সম্পন্ন করলেও সে সময় নানা কারণে তিনি যেতে পারেননি। তবে এবার সুযোগ পাওয়ায় আল্লাহর রহমতে হজ পালনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন এই অভিনেত্রী।
তিনি আরও জানান, এই সফরে তার ভাইও তার সঙ্গে থাকবেন।
বিজ্ঞাপন
চম্পার অভিনয়জীবনের শুরুটা ছিল মডেলিং দিয়ে। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর ১৯৮৫ সালে পরিচালক শিবলী সাদিকের ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। প্রথম ছবিতেই অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হন তিনি এবং খুব দ্রুতই চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করে তোলেন।
দীর্ঘ ক্যারিয়ারে চম্পা দেশের চলচ্চিত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘তিন কন্যা’, ‘ভেজা চোখ’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘শঙ্খনীল কারাগার’, ‘পদ্মা নদীর মাঝি’ এবং ‘মনের মানুষ’সহ আরও বহু জনপ্রিয় সিনেমা।
বিজ্ঞাপন
অভিনয়ে অসাধারণ নৈপুণ্যের জন্য চম্পা বারবার দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তার এই অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে তিনবার সেরা অভিনেত্রী এবং দুবার পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য সম্মাননা পেয়েছেন।
ব্যক্তিজীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখতে পেরে চম্পা নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তার ভক্ত ও শুভানুধ্যায়ীরাও তার জন্য শুভকামনা জানিয়েছেন, যেন তিনি নির্বিঘ্নে হজ পালন করে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন।








