ভক্তদের কথা ভেবেই সিনেমাটা করেছি: মিম

দীর্ঘ বিরতির পর আবারও দেশের বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে তার এই প্রত্যাবর্তন শুধুমাত্র নতুন কোনো কাজ করার জন্য নয়, বরং ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশার কথা মাথায় রেখেই নতুন সিনেমায় যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা সিনহা মিম বলেন, দর্শক ও ভক্তদের অনুরোধই তাকে নতুন এই প্রজেক্টে কাজ করতে অনুপ্রাণিত করেছে। দীর্ঘদিন পর তাকে নতুন কোনো সিনেমায় দেখতে পেয়ে তার ভক্তরাও বেশ উচ্ছ্বসিত বলে জানান এই অভিনেত্রী।
মিম বলেন, ‘আমি আসলে ভক্তদের কথা চিন্তা করেই এই ছবিটা করেছি। আমার যে ফ্যান-ফলোয়াররা আছেন, তারা অনেক দিন পর আমার কোনো প্রজেক্ট দেখতে পাচ্ছেন ভেবে ভীষণ আনন্দিত। কারণ, সর্বশেষ 'অন্তর জ্বালা'র পর বাংলাদেশে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। মাঝে কলকাতায় 'মানুষ' সিনেমাটি মুক্তি পেয়েছিল। দেশের দর্শকরা শুধু একটা কথাই বলতেন- আপু, আপনার নতুন সিনেমা আসছে না কেন?’
বিজ্ঞাপন

তার কথায়, ‘মাঝের এই সময়টায় আমার হাতে প্রচুর সিনেমার প্রস্তাব এসেছে। কিন্তু কোনোটার গল্প ভালো লাগেনি, আবার কোনোটার চরিত্র পছন্দ হয়নি। অনেক সময় এমন চরিত্র অফার করা হয়েছে, যা পর্দায় খুবই সামান্য। সব মিলিয়ে মনমতো না হলে আমি কোনো প্রজেক্ট করি না। আর এই কারণেই অনেক ছবিকে 'না' বলতে হয়েছে।’
‘সব প্রজেক্টেই যখন ‘না’ বলছিলাম, তখন এই কাজটা আসে। আমার মনে হলো, অনেক লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ভক্তদের জন্য এবার কিছু একটা করা দরকার। গল্প ও চরিত্র ভালো লাগায় ভাবলাম, এবার রিস্ক নিয়ে শুরু করেই দেই।’
আরও পড়ুন: মা হলেই লোকে মোটা বলে: কিয়ারা আদভানি
বিজ্ঞাপন
তার কথায়, ‘এই ছবির সবচেয়ে মৌলিক দিক হলো, আমার চরিত্রটির একটা দারুণ ডেপ্থ আছে। আমি আসলে এমন চরিত্রই খুঁজি, যার ভেতরে ঢোকা যায়। পুরো গল্পে চরিত্রটির এমন একটি ভূমিকা থাকবে, যা মানুষ সারাজীবন মনে রাখবে।’
এদিকে ভক্তদের জন্য আরও সুখবরও দিয়েছেন বিদ্যা সিনহা মিম। তিনি জানিয়েছেন, শুধু এই সিনেমাই নয়, সামনে আরও কয়েকটি নতুন কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।
মিম বলেন, ‘আমার আরেকটি প্রজেক্ট পুরোপুরি প্রস্তুত। সেটি হলো “দিগন্তে ফুলের আগুন”। সিনেমাটি ভিন্ন মাত্রার হয়েছে। দর্শকরা ছবিটি দেখলে বিষয়টি বুঝতে পারবেন। আশা করছি, খুব দ্রুতই এটি মুক্তি পাবে। এছাড়া “লাইফ লাইন” এবং “জীবন অপেরা”র কাজও শেষ করেছি। সেগুলোও পর্যায়ক্রমে দর্শকদের সামনে আসবে।’
বিজ্ঞাপন
দীর্ঘ বিরতির পর একাধিক নতুন কাজ নিয়ে ফিরছেন এই অভিনেত্রী। ফলে তার ভক্তরাও এখন অপেক্ষায় রয়েছেন বড় পর্দায় প্রিয় তারকাকে নতুন রূপে দেখার জন্য।








