৯ বছরে কতটা বদলেছেন পূজা চেরী?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের প্রথম সারির নায়িকাদের একজন হিসেবে। বড় পর্দায় তার অভিনয় বরাবরই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তার অভিনীত একাধিক সিনেমাও পেয়েছে দর্শকপ্রিয়তা। যদিও সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমার ঘোষণা নিয়ে আলোচনায় নেই তিনি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমেই এখন বেশি সক্রিয় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।
বিজ্ঞাপন
নিয়মিত নিজের ব্যক্তিগত মুহূর্ত, ভ্রমণ কিংবা বিভিন্ন স্মৃতি অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন পূজা। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তিনি নিজের দুটি ছবি প্রকাশ করেন। একটি ২০১৭ সালের, অন্যটি বর্তমান সময়ের। দুই সময়ের সেই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, কালোর ওপর গোলাপি নকশার একটি জামা পরে রয়েছেন পূজা, আর দ্বিতীয় ছবিতে ধূসর রঙের জামা। দুই ছবিতে তার চেহারার পার্থক্য স্পষ্ট। কারণ এরই মধ্যে কেটে গেছে দীর্ঘ ৯ বছর।

প্রথম ছবিটি যে সময়ের, তখন পূজা কিশোরী শিল্পী ছিলেন। তারও আগে ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে তার অভিনয়ের পথচলা শুরু। আর নায়িকা চরিত্রে অভিষেক হয় ২০১৮ সালে, ‘নূর জাহান’ দিয়ে। প্রথম ছবিটি তার নায়িকাজীবনের এক বছর আগের।
বিজ্ঞাপন
অভিষেকের বছরেই বাজিমাৎ করেছিলেন পূজা। সুপারহিট ‘পোড়ামন ২’ দিয়ে পেয়ে যান রাতারাতি খ্যাতি। একই বছর চমকে দেন ‘দহন’-এও। এরপর একে একে হাজির হয়েছেন ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’ ও ‘দম’-এর মতো আলোচিত ছবিতে। সময়ের সঙ্গে পূজার ক্যারিয়ার যেমন বদলেছে, তেমনি বদলেছে চেহারাও।

দুই সময়ের ছবি দুটির সঙ্গে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘২০১৭ বনাম ২০২৬। সময় কত দ্রুত চলে যায়…।’
পূজার এই পোস্টে কেউ লিখেছেন, ‘আগেই বেশি কিউট ছিলে পূজা’, কেউ লিখেছেন ‘টিন ভার্সেস ম্যাচিউর’, আবার কারো মন্তব্য, ‘সময় বদলেছে, কিন্তু তুমি যেন একই রয়ে গেছো’। কেউ আবার পূজাকে এবার বিয়ের পরামর্শও দিয়েছেন। তবে বরাবরের মতই অনুসারীদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।
বিজ্ঞাপন

প্রসঙ্গত, সর্বশেষ কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা গেছে পূজা চেরীকে। সৈকত নাসির পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। এতে পূজার সঙ্গে অভিনয় করেছেন রাসেল রানা, সৈয়দা তৌহিদা হক তীথি, গাজী রাকায়েত, অমিত হাসানসহ আরও অনেকে।








