নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের পৈতৃক বাড়ি

ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় বড় ধরনের আর্থিক ও আইনি সংকটে পড়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ব্যাংক থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণের কিস্তি পরিশোধ না করায় উত্তরপ্রদেশের শাহজাহানপুরে অবস্থিত তার পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ টানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ঋণ পরিশোধ করা না হলে সম্পত্তিটি নিলামে বিক্রি করা হবে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই শাখা থেকে স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরী দেবীর নামে মোট ১৬ কোটি ৬১ লাখ রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই ঋণ পরিশোধ করা হয়নি।
জানা গেছে, প্রায় দুই বছর আগেও ব্যাংক কর্তৃপক্ষ তাকে ঋণ পরিশোধের জন্য সতর্কতামূলক নোটিশ দিয়েছিল। সে সময় উভয় পক্ষের মধ্যে সাময়িক সমঝোতা হলেও পরে আর ঋণের অর্থ পরিশোধ করা হয়নি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শাহজাহানপুরে অবস্থিত তার পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর বাড়িটি নিলামে তোলার দিন নির্ধারণ করেছে ব্যাংক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইনি ও আর্থিক জটিলতা অবশ্য রাজপাল যাদবের জন্য নতুন নয়। এর আগে ৯ কোটি রুপির একটি চেক বাউন্স মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে ১১ দিন দিল্লির জেলে থাকতে হয়েছিল। পরে আদালত শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করলেও পাওনা টাকা মেটাতে ব্যর্থ হওয়ায় গত জুলাইয়ে ফের তাকে তিন মাসের কারাদণ্ড দেয় আদালত। সেই মামলার ধাক্কা সামলে ওঠার আগেই এবার পৈতৃক সম্পত্তি হারানোর ঝুঁকিতে পড়লেন এই অভিনেতা।
বিজ্ঞাপন
তবে রাজপাল যাদবের পরিবারের দাবি, বিষয়টি নিয়ে সমাধান খোঁজার চেষ্টা চলছে। অভিনেতার বড় ভাই শ্রীপাল যাদব জানিয়েছে, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং শিগগিরই এর সমাধান হয়ে যাবে।








