‘দাদাগিরি’ ছেড়ে আজ থেকে নতুন শো উপস্থাপনায় সৌরভ গাঙ্গুলী

প্রায় ১৫ বছর ধরে ‘দাদাগিরি’ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে আসার পর এবার নতুন একটি রিয়েলিটি শো নিয়ে হাজির হচ্ছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। জি বাংলা ছেড়ে এবার স্টার জলসার জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস বাংলা’র উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বিগ বস বাংলা’র উদ্বোধনী পর্ব প্রচারিত হবে। এরপর সোমবার (৩১ আগস্ট) থেকে প্রতিদিন বাংলাদেশ সময় রাত ১০টায় স্টার জলসায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন এই রিয়েলিটি শোকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে ‘বিগ বস বাংলা’র ঘরে কারা প্রতিযোগী হিসেবে থাকছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা প্রকাশ করা হয়নি। এরই মধ্যে অভিনয়শিল্পী মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল এবং সংগীতশিল্পী দুর্নিবার সাহার নাম নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
এছাড়া সুদীপ্তা চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও অঙ্কিতা সিংকেও অনুষ্ঠানে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত কারা অংশ নেবেন, সেই তালিকা আজকের উদ্বোধনী পর্বেই সৌরভ গাঙ্গুলী ঘোষণা করবেন বলে জানা গেছে।
এক দশক পর ফিরছে ‘বিগ বস বাংলা’
সর্বভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর আদলে ২০১৩ সালে ইটিভি বাংলায় শুরু হয়েছিল ‘বাংলা বিগ বস’। প্রথম আসরের উপস্থাপনার দায়িত্বে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ৯০ দিন ধরে চলা ওই আসরে বিজয়ীর মুকুট পান অনীক ধর।
বিজ্ঞাপন
এরপর দুই বছর অনুষ্ঠানটি বন্ধ ছিল। পরে ২০১৬ সালে আবারও শুরু হয় ‘বাংলা বিগ বস’। দ্বিতীয় আসরে উপস্থাপকের দায়িত্ব পালন করেন অভিনেতা জিৎ। একই সঙ্গে অনুষ্ঠানটির সম্প্রচারকারী চ্যানেলও পরিবর্তন হয় এবং কালারস বাংলায় এটি প্রচারিত হয়। ওই আসরের বিজয়ী হন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
এবার নতুন উপস্থাপক, নতুন চ্যানেল ও নতুন বিন্যাস নিয়ে প্রায় এক দশক পর আবারও ফিরছে ‘বিগ বস বাংলা’। আর এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে সৌরভ গাঙ্গুলীর যুক্ত হওয়ায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।








