‘অন্য লেভেলে যেতে পারত’, নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ

বাংলা সংগীতে সম্ভাবনাময় শিল্পী হিসেবে শুরুতেই নজর কেড়েছিলেন মাইনুল আহসান নোবেল। কলকাতার ‘সারেগামাপা’ মঞ্চে অংশ নিয়ে আলোচনায় আসার পর সৃজিত মুখার্জির সিনেমায় গান এবং দেশে একের পর এক কনসার্টে ব্যস্ততা—সব মিলিয়ে তার ক্যারিয়ারের শুরুটা ছিল সম্ভাবনায় ভরা।
বিজ্ঞাপন
তবে সময়ের সঙ্গে নানা বিতর্ক ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে সেই পথচলায় ছন্দপতন ঘটে। বিতর্কের পাশাপাশি কারাবাসেও যেতে হয়েছে এই শিল্পীকে। অথচ তার কণ্ঠ ও গায়কীর দক্ষতা তাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারত বলে মনে করেন সংগীতাঙ্গনের অনেকে।
একই আফসোস করলেন নন্দিত শিল্পী, গীতিকার ও সুরকার আশিকুজ্জামান টুলু। ‘চাইম’ ও ‘আর্ক’ ব্যান্ড খ্যাত এই শিল্পীর মতে, নোবেল তার প্রতিভা নিজেই ধূলিসাৎ করে দিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক বার্তায় টুলু লেখেন, ‘নোবেলের জন্য খুব খারাপ লাগে একটা কথা ভেবে, কী অদ্ভুত প্রতিভা সম্পূর্ণ নিজের ইচ্ছায় একেবারে ধূলিসাৎ করে দিলো। এত সুন্দর তার গাওয়া ছিল, আহা!’
বিজ্ঞাপন
বছর পাঁচেক আগে প্রকাশিত হয়েছিল নোবেলের গান ‘অভিনয়’। বিপুল জনপ্রিয়তা পেয়েছে গানটি। সে গানের সূত্র ধরে টুলু লেখেন, “কী আগুন জ্বলছে বুকে’ গানটা শুনলাম, ওর এক্সপ্রেশন, গায়কী, স্কিল, টোন সবকিছু একেবারে পাগল করে দেওয়ার মতো। ও যদি সিরিয়াস থাকত, এক্সট্রিমলি ভালো করত, অন্য লেভেলে চলে যেতে পারত। এভাবে নষ্ট হয়ে যেতে দেখলে খুব খারাপ লাগে।’’
নোবেলের এই অধঃপতনের নেপথ্যে ‘মাদক’-এর প্রভাব রয়েছে বলে ইঙ্গিত করেছেন টুলু। তার ভাষ্য, ‘আসলে এগুলো দেখতে আর ভালো লাগে না। নিজের চোখের সামনে নেশা করে ধ্বংস হয়ে যেতে বেশ কয়েকজনকে দেখেছি; তাই এসব দেখতে আর ভালো লাগে না।’
টুলুর এই পোস্টের পর মন্তব্যের ঘরে অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তাদের মন্তব্যেও উঠে এসেছে একই ধরনের আক্ষেপ—অসাধারণ সম্ভাবনা ও প্রতিভা থাকা সত্ত্বেও শৃঙ্খলাহীন জীবনযাপনের কারণে নোবেল নিজের ক্যারিয়ার ও সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছেন।








