ইতিহাস গড়তে যাচ্ছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) মঞ্চে আরও কিছু রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে মার্কিন পপ তারকা টেলর সুইফটের সামনে। ২০২৬ সালের আসরে ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানটির জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’সহ একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এবারের ভিএমএ অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। ইতোমধ্যে দর্শকনির্ভর বিভিন্ন বিভাগে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি সেরা নির্দেশনা, আর্ট ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, এডিটিং, কোরিওগ্রাফি ও ভিজ্যুয়াল ইফেক্টসের মতো পেশাদার বিভাগে বিজয়ী নির্বাচন করা হবে।
‘দ্য ফেট অব ওফেলিয়া’ ভিডিওটির জন্য সুইফট ‘ভিডিও অব দ্য ইয়ার’ বিভাগে মনোনীত হয়েছেন। একই ভিডিওর জন্য তিনি বেস্ট পপ, বেস্ট সিনেমাটোগ্রাফি, বেস্ট এডিটিং, বেস্ট কোরিওগ্রাফি ও বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টসসহ বিভিন্ন বিভাগেও মনোনয়ন পেয়েছেন।
‘ভিডিও অব দ্য ইয়ার’ বিভাগটি সুইফটের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে ‘ব্যাড ব্লাড’, ‘ইউ নিড টু কাম ডাউন’, ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’, ‘অ্যান্টি-হিরো’ ও ‘ফোর্টনাইট’—এই পাঁচটি কাজের জন্য তিনি পুরস্কারটি জিতেছেন। এবার জয় পেলে এই বিভাগে তার মোট জয় দাঁড়াবে ছয়টিতে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এবারের ‘বেস্ট পপ’ বিভাগেও সুইফটের সামনে রেকর্ডের সুযোগ রয়েছে। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ নিয়ে তিনি এই বিভাগে মনোনীত হয়েছেন। একই বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডেসহ আরও কয়েকজন শিল্পী।
এ ছাড়া ২০২৬ সালের ভিএমএতে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ বিভাগেও সুইফটের মনোনয়ন রয়েছে। এই বিভাগে তার সঙ্গে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে, ব্রুনো মার্স, ম্যাডোনা, মরগ্যান ওয়ালেন ও সাবরিনা কার্পেন্টার।
ফলে এবারের ভিএমএতে একাধিক বিভাগে পুরস্কার জেতার পাশাপাশি নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে সুইফটের সামনে। তবে কোন কোন রেকর্ড তিনি নতুন করে গড়বেন, তা নির্ধারিত হবে ২৭ সেপ্টেম্বরের পুরস্কার ঘোষণার পর।








