ছয় দশকের অজানা গল্প নিয়ে আসছেন মামুনুর রশীদ

দেশের সংস্কৃতি অঙ্গনের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব মামুনুর রশীদ। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই দীর্ঘদিন ধরে কাজ করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। প্রায় ছয় দশকের শিল্পজীবনে নানা অভিজ্ঞতা ও স্মৃতি জমেছে তার ঝুলিতে।
বিজ্ঞাপন
দীর্ঘ ক্যারিয়ারের সেই পথচলার নানা অজানা গল্প এবার দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন এই অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব। তাকে নিয়ে সাজানো হয়েছে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্টার নাইট’-এর বিশেষ পর্ব।
রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। এতে মামুনুর রশীদ তার শিল্পজীবনের বিভিন্ন অধ্যায়, অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরবেন। পাশাপাশি তাকে নিয়ে কথা বলেছেন সহশিল্পী, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।
ছাত্রজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত মামুনুর রশীদ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। প্রতিষ্ঠা করেছেন নাট্যদল ‘আরণ্যক’। টেলিভিশনের জন্য অসংখ্য নাটক রচনা ও পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছেন মামুনুর রশীদ। নাট্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে তার অর্জনের তালিকায়।
শিল্পজীবনের দীর্ঘ পথচলায় ঘটে যাওয়া নানা ঘটনা ও দর্শকদের অজানা গল্প নিয়েই সাজানো হয়েছে ‘স্টার নাইট’-এর এবারের পর্ব।
বিশেষ এই পর্বটি প্রচারিত হবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার।








