Logo

এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না: রাইমা সেন

profile picture
বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২২:০৬
এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না: রাইমা সেন
ছবি: সংগৃহীত

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। দীর্ঘ অভিনয়জীবনে ভারতীয় সিনেমায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। ৪৭ বছর বয়সে এসেও বিয়ে করেননি এই অভিনেত্রী। তবে এ নিয়ে এখন আর কোনো তাগিদ অনুভব করেন না বলে জানিয়েছেন রাইমা।

বিজ্ঞাপন

কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে রাইমা বলেন, বিয়ে নিয়ে তার বোনও মজা করেন। কলকাতায় তার পছন্দের মানুষ খুঁজে পাওয়ার বিষয়টিও কঠিন বলে জানান তিনি।

রাইমার ভাষায়, “আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।”

রাইমা হলিউড তারকা টম ক্রুজকে পছন্দ করেন। এ কারণে মজা করে তাকে প্রশ্ন করা হয়, টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি তিনি এখনো একা? তবে অভিনেত্রীর বক্তব্যে উঠে এসেছে বিয়ে নিয়ে তার বর্তমান দৃষ্টিভঙ্গির কথাই।

বিজ্ঞাপন

মেয়ের বিয়ে নিয়ে মা মুনমুন সেনের চিন্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে রাইমা জানান, আগে তার মা বিষয়টি নিয়ে চিন্তা করতেন। এখন অবশ্য পরিস্থিতি দেখে উল্টো জোর করে বিয়ে না করার পরামর্শ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাইমা বলেন, “আগে করতেন। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।”

মা হওয়ার প্রসঙ্গেও নিজের ভাবনার কথা জানিয়েছেন রাইমা। সন্তানদের খুব ভালোবাসেন জানিয়ে তিনি বলেন, সন্তান পালনের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারবেন কি না, তা নিয়ে তার ভয় রয়েছে। তবে ভবিষ্যতে নিজের সিদ্ধান্ত বদলাতেও পারেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ জন্য ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করে অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ বা ‘এগ ফ্রিজ’ করিয়ে রেখেছেন রাইমা। তার মতে, শুধু মা হওয়ার জন্য বিয়ে করা জরুরি নয়।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাইমা সেন। তাকে সামনে দেখা যাবে জয়দীপ মুখোপাধ্যায়ের সিনেমা ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-এ। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। আগামী ১৫ অক্টোবর এটি মুক্তির কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD