বিয়ের সাজে প্রভা, ছবিতে মুগ্ধ অনুসারীরা

অভিনয়ে বেশ কিছুদিন ধরে অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। পর্দায় খুব একটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব এই অভিনেত্রী। নানা পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিগুলোতে তাকে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে বধূর সাজে। এরপর থেকেই তার নতুন লুক নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ছবিতে সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে দেখা যায় অভিনেত্রীকে। একটি বাড়ির উঠোনে বসানো হয়েছে বিয়ের আসর। চারপাশে রঙিন কাগজের সাজসজ্জার পাশাপাশি দেখা যায় কলাগাছ ও বিয়ের বিভিন্ন উপকরণ। সেখানে লাল শাড়ি পরে বসে ছিলেন প্রভা। মাথায় ছিল মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে বাস্তবে বিয়ের আয়োজন নয়, অভিনয়ের প্রয়োজনে এমন সাজ নিয়েছেন প্রভা। ক্যাপশনে নিজের চরিত্র নিয়ে ইঙ্গিতও দিয়েছেন তিনি। প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
বিজ্ঞাপন
তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, কোনো নতুন কাজের শুটিংয়ের অংশ হিসেবেই বধূর সাজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে ছবিগুলো কোন নাটক, সিনেমা বা কনটেন্টের দৃশ্য, তা জানাননি অভিনেত্রী।
এদিকে সম্প্রতি দুটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। এর মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমাটির বেশিরভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।








