Logo

ছয় দিনেই কোটি ভিউ, খায়রুল-সাদনিমার নাটক ঘিরে উচ্ছ্বাস

profile picture
বিনোদন প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৬:১১
ছয় দিনেই কোটি ভিউ, খায়রুল-সাদনিমার নাটক ঘিরে উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

নতুন জুটির অভিনয় আর গল্পের আবেগ দর্শকের মনে জায়গা করে নিলে কোনো নাটক দ্রুতই আলোচনায় চলে আসে। খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমানের জুটির ক্ষেত্রেও এবার তেমনই ঘটেছে। তাদের অভিনীত নতুন নাটক ‘তোমার ঠিকানায়’ মুক্তির মাত্র ছয় দিনের মধ্যেই ইউটিউবে এক কোটি বা ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

বিজ্ঞাপন

গত ২৪ সেপ্টেম্বর ‘হিয়া এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটি। অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক দর্শক নাটকটি দেখায় সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নাটকটির মন্তব্যের ঘরে দর্শকদের প্রতিক্রিয়াতেও উঠে এসেছে তাদের ভালো লাগার বিষয়টি। বাংলাদেশের দর্শকদের পাশাপাশি ভারতের বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও এসেছে প্রশংসা।

এক ভারতীয় দর্শক লিখেছেন, ‘আমি ইন্ডিয়ান হয়েও বলছি, আমাদের ইন্ডিয়ার বাংলা নাটক সংসার ভাঙতে শেখায়, আর বাংলাদেশের নাটক সংসার জোড়া লাগাতে শেখায়। সত্যি বাংলাদেশের নাটকগুলো অনেক ভালো লাগে এবং অনেক কিছু শেখার আছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নাটকের আবেগঘন দৃশ্যও দর্শকদের একটি অংশকে নাড়া দিয়েছে। এক দর্শক লিখেছেন, ‘শেষের দৃশ্য দেখে আমি কান্না করে ফেলেছি, সত্যি অসাধারণ একটা নাটক।’

মন্তব্যগুলোতে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমানের অভিনয় এবং পর্দার রসায়ন নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে পারিবারিক আবহের গল্প এবং আবেগনির্ভর উপস্থাপন দর্শকদের আগ্রহ ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন অনেকে।

‘তোমার ঠিকানায়’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কামরুল ইসলাম শুভ।

বিজ্ঞাপন

খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমানের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, সমাপ্তি মাসুক, শারমিন শর্মী, এম কে নয়নতারা, তাব্বাসুম মারিয়া, মারুফ ভূঁইয়া ও মুক্তা চৌধুরীসহ আরও অনেকে।

মুক্তির পর মাত্র কয়েক দিনের মধ্যে কোটি ভিউয়ের মাইলফলক ছোঁয়ায় নাটকটির জনপ্রিয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে খায়রুল-সাদনিমা জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহও আরও বেড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD