প্রথম পর্বেই বাজিমাত, ২৪ ঘণ্টায় ‘ফিরে আসার গল্প’র ৫০ লাখ ভিউ

অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। প্রচারের পর থেকেই দর্শকদের আগ্রহ তৈরি করা নাটকটির প্রথম পর্ব প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ৫০ লাখ ভিউ ছাড়িয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৭ অক্টোবর) সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ধারাবাহিকটির প্রথম পর্ব। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপড়েন ও মানুষের জীবনে ফিরে আসার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। নতুন পর্ব প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রকাশ করা হবে।
‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করা অভিনয়শিল্পীদের বড় একটি অংশকে এবারও দেখা যাচ্ছে ‘ফিরে আসার গল্প’-এ। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।
নতুন ধারাবাহিকে যুক্ত হয়েছেন আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী। প্রায় ১৩ বছর পর একই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় দীর্ঘ বিরতির পর নতুন ধারাবাহিকে অভিনয় করছেন জাহিদ হাসান। অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাটকের নামেই গল্পের মূল আবেগের আভাস পাওয়া যায়। জীবনের নানা পর্যায়ে মানুষ সম্পর্ক, ভালোবাসা কিংবা পুরোনো অনুভূতির কাছে ফিরে আসতে চায়। সেই ফিরে আসার আকাঙ্ক্ষা, সম্পর্কের টানাপড়েন ও আবেগঘন মুহূর্ত নিয়েই এগিয়েছে ধারাবাহিকটির কাহিনি।
নাটকটির আবহকে আরও সমৃদ্ধ করতে থাকছে তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত গান এবং একটি গানের রয়েছে দুটি আলাদা সংস্করণ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী।
ধারাবাহিকটির টাইটেল গান ‘ওরে প্রিয়া রে’ লিখেছেন কবির বকুল। এতে ন্যানসির সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
বিজ্ঞাপন
‘ফিরে আসার গল্প’-এর আরেকটি টাইটেল সংস্করণে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। এর আরেক সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।
এ ছাড়া ‘প্রেমের কারিগর’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। তাঁর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর।
প্রথম পর্ব প্রকাশের এক দিনের মধ্যেই বিপুল দর্শক সাড়া পাওয়ায় ‘ফিরে আসার গল্প’ নিয়ে শুরুতেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এখন পরবর্তী পর্বগুলোতে গল্প ও অভিনয় দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই দেখার বিষয়।








