স্টার সিনেপ্লেক্সের ২২ বছর পূর্তিতে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স ২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির যেকোনো শাখায় একটি টিকিট কিনলেই একই মূল্যের আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠার পর থেকে আধুনিক প্রযুক্তি, উন্নত সাউন্ড সিস্টেম, নান্দনিক পরিবেশ ও মানসম্মত প্রেক্ষাগৃহের মাধ্যমে দেশের সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটি।
২২ বছর পূর্তি উপলক্ষে টিকিটে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারটি শুধু বৃহস্পতিবারের জন্য প্রযোজ্য। একই সঙ্গে দর্শকদের জন্য থাকছে আরও একটি পুরস্কার জেতার সুযোগ। স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে গিয়ে প্রতিষ্ঠানটিতে সিনেমা দেখার সবচেয়ে সুন্দর স্মৃতি শেয়ার করলে জেতা যাবে একটি ফ্রি মুভি ভাউচার। এ আয়োজনের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া হয়েছে।
দেশে ডিজিটাল সিনেমা প্রদর্শনের পথচলাতেও স্টার সিনেপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়ের সঙ্গে বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা যুক্ত হওয়ার পাশাপাশি পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সংস্কৃতিকে নতুন করে জনপ্রিয় করে তোলে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে আন্তর্জাতিক মুক্তির সঙ্গে তাল মিলিয়ে হলিউডের সিনেমা দেখার সুযোগও তৈরি হয়েছে দেশের দর্শকদের জন্য।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২২ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্টার সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সাথে অনেক নতুনত্ব আসে। সেটি যখন মানুষ ভালোভাবে গ্রহণ করে তখনই তার সার্থকতা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে, তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা সাথে ছিলেন বলেই এই পথচলা সার্থক হয়েছে। এজন্য দর্শকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। শুধু বিদেশি ছবির উপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে নিয়মিতভাবে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভীড় লেগে থাকুক।’
বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা, সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে।
এ ছাড়া চলতি বছর বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলছে। ঢাকার বিভিন্ন এলাকাতেও ভবিষ্যতে আরও শাখা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








