মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার নিজ বাড়িতে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেন।
বিজ্ঞাপন
প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়ার পরও তাকে আর ফেরানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মণিপাল হাসপাতালের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে নানা পাটেকারকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। তবে চিকিৎসায় সাড়া দেননি তিনি। তার মৃত্যুতে মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নানা পাটেকারের আসল নাম বিশ্বনাথ পাটেকার। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম তার। নাট্যচর্চার মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করা এই অভিনেতা ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। এরপর মারাঠি ও হিন্দি সিনেমায় নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে শক্ত অবস্থান তৈরি করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তীব্র অভিনয়, শক্তিশালী সংলাপ উপস্থাপন এবং জটিল চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার দক্ষতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অব তক ছাপ্পান’, ‘নাটসম্রাট’, ‘রাজনীতি’সহ বহু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেতা।
২০০০-এর দশকে ‘শক্তি: দ্য পাওয়ার’, ‘অব তক ছাপ্পান’, ‘অপহরণ’ ও ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’-এর মতো সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়। ২০০৭ সালের ‘ওয়েলকাম’ সিনেমায় উদয় শেঠির চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন।
বিজ্ঞাপন
অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন নানা পাটেকর। দীর্ঘ প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে তিনি হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০১৩ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।
নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, ভক্ত ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।








