জেল-রিমান্ড শেষে অভিনয়ে ফিরলেন জাহের আলভী

দীর্ঘ সাত মাস অভিনয়ের বাইরে থাকার পর আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেতা জাহের আলভী। স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে আইনি জটিলতা, কারাবাস ও রিমান্ডের মুখোমুখি হওয়ার পর নতুন নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি শুটিংয়ে ফেরার আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলভী। নিজের ফেসবুক পেজে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্যামেরা—স্বাগতম তোমার রাজ্যে!’
জানা গেছে, সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেতা। শুটিং সেটে কলাকুশলীদের সঙ্গে কেক কেটে নিজের প্রত্যাবর্তন উদ্যাপন করেন তিনি। নাটকটিতে আলভীর বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শিবা শানু।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নেপালে নাটকের শুটিংয়ে থাকা অবস্থায় স্ত্রী ইভনাথ খান ইকরার মৃত্যুর খবর পান জাহের আলভী। এ ঘটনায় ইকরার পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। এরপর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে কারাবাস ও রিমান্ডের মুখোমুখি হতে হয়।
গত ৩ আগস্ট আদালত থেকে জামিন পাওয়ার পর এবার অভিনয়ে ফিরলেন জাহের আলভী। নতুন নাটকের মধ্য দিয়ে তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।








