‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত দানানীর মোবিন

পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন। তবে নিজের চরিত্রের সঙ্গে দর্শকদের গভীরভাবে একাত্ম হতে দেখে আনন্দিত হলেও বাস্তব জীবনে নারীদের একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা ভেবে কষ্ট পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অনুভূতির কথা জানান দানানীর। এ সময় এক দর্শকের মন্তব্য তুলে ধরেন তিনি। ওই দর্শক লিখেছিলেন, ‘আমাদের বাবা জানালাগুলো রং করে দিয়েছিলেন, যাতে আমরা বাইরে দেখতে না পারি।’
মন্তব্যটি পড়ে মিশ্র অনুভূতি হয়েছে বলে জানান অভিনেত্রী। দর্শকেরা নাটকের চরিত্রটির পরিস্থিতি বুঝতে পারছেন, এটি তাঁর কাছে আনন্দের। কিন্তু বাস্তব জীবনেও অনেক নারীকে এমন নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হয়—এই উপলব্ধি তাঁকে ব্যথিত করেছে।
‘হুরমত’ ধারাবাহিকে দানানীর মোবিন অভিনয় করছেন এমন এক তরুণীর চরিত্রে, যার জীবন কঠোর ও রক্ষণশীল বাবার নিয়ন্ত্রণে। মেয়ের জীবনের প্রায় প্রতিটি সিদ্ধান্তই নিয়ন্ত্রণ করেন তিনি।
বিজ্ঞাপন
ভালো ফলাফল করার পরও হুরমতকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুমতি দেন না তাঁর বাবা। তাঁর ধারণা, নারীদের অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। এমন নানা বিধিনিষেধের কারণে হুরমত অসহায় হয়ে পড়ে এবং ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাসও হারাতে থাকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ধারাবাহিকটিতে পাকিস্তানি নারীদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু বাস্তবতা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার সুযোগ, ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার।
প্রথম দুই পর্বেই নারীদের ইচ্ছা ও স্বাধীনতা দমনের ফলে তাঁদের মানসিক ও সামাজিক জীবনে কী ধরনের প্রভাব পড়ে, তা নিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে ‘হুরমত’।
বিজ্ঞাপন
দর্শকদের ভালোবাসা ও প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দানানীর মোবিন। একই সঙ্গে তাঁর প্রতিক্রিয়ায় উঠে এসেছে নাটকের কাহিনির সঙ্গে বাস্তব জীবনের মিল খুঁজে পাওয়ার আনন্দ এবং অনেক নারীর এমন পরিস্থিতিতে আটকে থাকার বেদনা।
সূত্র: পাকিস্তান টাইমস








