ওয়াহাজ আলীর সঙ্গে নুসরাত ফারিয়া, ঢাকায় দেখা হলো যেভাবে

‘তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী এখন ঢাকায়। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ২ ও ৩ অক্টোবর আয়োজিত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানেই ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে একই মঞ্চে দেখা যায় তাকে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের একটি জমকালো ফ্যাশন শোতে একসঙ্গে অংশ নেন ওয়াহাজ ও নুসরাত। পরে ওয়াহাজের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
ছবিতে নুসরাতকে দেখা যায় ঐতিহ্যবাহী জামদানি মোটিফের গভীর বেগুনি রঙের স্ট্রেপলেস লেহেঙ্গা-চোলিতে। মাথায় টিকলি, গলায় ভারী নেকলেস, কানে ঝুমকা ও হাতে সোনালি চুড়িতে ভিন্ন সাজে হাজির হন তিনি।
ছবি প্রকাশ করে নুসরাত ক্যাপশনে লেখেন, ‘জামদানির ঐতিহ্য নিয়ে হেঁটেছি, ভালোবাসার মাধ্যমে তুলে ধরেছি আমাদের পরিচয়, আর মনে জমিয়েছি অনন্য স্মৃতি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে ওয়াহাজ আলীকে দেখা যায় ডার্ক নেভি ব্লু ফরমাল স্যুট ও শার্টে। ছবিতে দুজনকেই ক্যামেরার সামনে সাবলীল ভঙ্গিতে দেখা গেছে।
নুসরাতের পোস্টের পর ভক্ত ও অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। কেউ তাদের প্রশংসা করেছেন, আবার কেউ দুজনকে একসঙ্গে সিনেমায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
পাকিস্তানি টেলিভিশনের পরিচিত মুখ ওয়াহাজ আলী ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক করেন। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।
বিজ্ঞাপন
তবে ‘তেরে বিন’ নাটকই তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ২০২২ সালের ২৮ ডিসেম্বর নাটকটির প্রচার শুরু হয়। এতে মুরতাসিম খান চরিত্রে ওয়াহাজ আলী এবং মীরব চরিত্রে ইয়ুমনা জায়েদি অভিনয় করেন। প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও দ্বন্দ্বের গল্পের নাটকটি পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও জনপ্রিয়তা পায়।








