বাংলাদেশে আসছেন ‘তেরে বিন’খ্যাত পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী

‘তেরে বিন’ নাটকে মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পাওয়া পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী এবার বাংলাদেশে আসছেন। ঢাকায় একটি বিশেষ আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশ সফরের কথা জানিয়েছেন ওহাজ। বাংলাদেশি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’
আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত একটি এক্সিবিশনের সমাপনী পর্বে অংশ নিতেই বাংলাদেশে আসছেন ওহাজ আলী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে আয়োজক কর্তৃপক্ষ জানায়, ‘আসলে আমাদের এখানে একটি এক্সিবিশন হবে। পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী আমার ব্যক্তিগত অতিথি হিসেবে ওই ইভেন্টে আসছেন। মূলত ইভেন্টটির সমাপনী পর্বে অংশ নিতেই তিনি বাংলাদেশে আসছেন।’
আয়োজক আরও জানান, ইভেন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচকারীদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত হবেন। তারা ওহাজ আলীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। তবে বিজয়ীর সংখ্যা আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘১০০ জনকে ১৫ হাজার টাকা করে দিতে হবে’—এমন তথ্যের বিষয়ে আয়োজক বলেন, এ ধরনের কোনো পোস্ট বা তথ্য সম্পর্কে তিনি অবগত নন। তার ভাষ্য, অনুষ্ঠানের মূল আয়োজন হচ্ছে এক্সিবিশন এবং এর সমাপনী পর্বে ওহাজ আলীর উপস্থিতি।
বিজ্ঞাপন
পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।
ভিন্নধর্মী চরিত্রেও অভিনয় করেছেন ওহাজ। ২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিছার গায়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে আলাদা করে আলোচনায় আসে।
তবে ওহাজ আলীর ক্যারিয়ারে বড় ধরনের পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে ছিলেন ইয়ুমনা জায়েদি।
বিজ্ঞাপন
মীরব ও মুরতাসিমের সম্পর্কের টানাপোড়েন, প্রেম ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত ‘তেরে বিন’ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও জনপ্রিয়তা পায়। এই নাটকের মাধ্যমে ওহাজ আলীর পরিচিতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ে।








