বিয়ে করলেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আইনি বিয়ে সম্পন্ন করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমি ও সিদ্ধার্থের আইনি বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি টালিউডের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন। সিদ্ধার্থ চলচ্চিত্রজগতের কেউ নন; পেশাগতভাবে তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধার্থের পরিবারের সদস্য ত্রমিলা ভট্টাচার্য। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, মিমি এখন সম্পর্কে তাঁর জা। কারণ, সিদ্ধার্থ তাঁর দেওর।
ত্রমিলা বলেন, “আমার নিজের দেওরের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। আমাদের পরিবারের সবাই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়র। ও আমাদের থেকে অনেকটাই ছোট। মিমির সঙ্গে ওকে খুব ভালো মানিয়েছে। মিমিকে অনেক কাছ থেকে চিনেছি। খুব ভালো মেয়ে। ও খুব ভালো কথাও বলতে জানে। ওদের পরিবারের সকলেই খুব ভালো।”
আইনি বিয়েতে উপস্থিত থাকলেও মূল বিয়ের অনুষ্ঠানে থাকতে পারবেন না ত্রমিলা। এ প্রসঙ্গে তিনি জানান, পাহাড়ে বিয়ের মূল আয়োজন করা হয়েছে। তবে ওই সময়ে তাঁর মেয়ের পরীক্ষা থাকায় সেখানে যাওয়া সম্ভব হবে না। মিমি ও সিদ্ধার্থ দুজন মিলে বিয়ের সব প্রস্তুতি নিয়েছেন বলেও জানান তিনি।
আইনি বিয়ের দিন সিদ্ধার্থ সাদা পাজামা-পাঞ্জাবি পরেছিলেন। অন্যদিকে মিমি বেছে নেন সোনালি রঙের সাবেকি সাজ।
মিমির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন চলছিল। তবে অভিনেত্রী কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ার পর বিয়ের খবরটি আলোচনায় আসে।
ওই আমন্ত্রণপত্রে বর-কনের ছবির পাশাপাশি স্থান পেয়েছিল মিমির তিন পোষ্যও। বিষয়টি অনুরাগীদের বিশেষভাবে নজর কাড়ে। এরপর বিয়ের প্রস্তুতি ও আয়োজন নিয়েও বিভিন্ন খবর সামনে আসতে থাকে।
আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিয়ের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। সূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর ডিনার, ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা।
মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো প্রচলিত রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বড় পরিসরের আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।








