Logo

ক্যানসারের কাছে হার মানলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৬, ১১:৫২
ক্যানসারের কাছে হার মানলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রের গল্পে মধ্যবিত্তের জীবন, সমাজের অসংগতি এবং মানুষের চেনা বাস্তবতা তুলে ধরেছেন তিনি। রচনা ও নির্মাণের মাধ্যমে গড়ে তুলেছিলেন স্বতন্ত্র অবস্থান। তবে দীর্ঘদিনের সেই সৃজনশীল পথচলার অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বিশিষ্ট নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু।

বিজ্ঞাপন

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বামী ও চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। মৃত্যুর কিছুক্ষণ আগে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা।

এক বছরেরও বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।

নাটক ও চলচ্চিত্র নির্মাণে দুই দশকের বেশি সময়ের কর্মজীবনে মাতিয়া বানু শুকু নিজের কাজের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন। তার গল্প ও নির্মাণে বিশেষ গুরুত্ব পেয়েছে মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন, সামাজিক বাস্তবতা এবং চারপাশের নানা অসংগতি।

তার রচনা ও পরিচালনায় নির্মিত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকগুলোতে সমাজ ও মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছিলেন তিনি।

নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। চলচ্চিত্র প্রযোজনায় অবদানের স্বীকৃতিও পেয়েছেন তিনি। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।

তার মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে একজন অভিজ্ঞ সৃজনশীল নির্মাতার দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটল। রেখে গেলেন নিজের রচনা, নির্মাণ ও প্রযোজনায় তৈরি অসংখ্য কাজ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD