মাতিয়া বানু শুকুর মৃত্যুতে শোকের ছায়া শোবিজ অঙ্গনে, স্মৃতিচারণ তারকাদের

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা ও স্মৃতিচারণ করছেন সহকর্মী, অভিনেতা, নির্মাতা এবং সংস্কৃতিকর্মীরা। কেউ স্মরণ করছেন দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক, কেউ তুলে ধরছেন তার দৃঢ় ব্যক্তিত্ব, সাহস ও সৃজনশীলতার নানা দিক।
বিজ্ঞাপন
নাটক ও চলচ্চিত্রে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন মাতিয়া বানু শুকু। তার গল্প ও নির্মাণে বারবার উঠে এসেছে মধ্যবিত্তের জীবন, সামাজিক অসংগতি, মানুষের সংকট এবং চেনা জীবনের নানা বাস্তবতা। নিজস্ব নির্মাণশৈলী ও চিন্তাভাবনার মাধ্যমে তিনি তৈরি করেছিলেন স্বতন্ত্র পরিচিতি।
শুকুর মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘আহা, শুকু আপা, এ কেমন বিদায়? কয়েক দিন আগেই তো দেখা হলো। তাই বলে আর কোনো দিন দেখা হবে না? বিশ্বাস করতেও কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে। পরপারে চিরশান্তিতে থাকুন, শুকু আপা। মাতিয়া বানু শুকু নাট্যকার ও নির্মাতা, আমার চারুকলার বড় বোন।’
চলচ্চিত্র গবেষক ও আলোকচিত্রশিল্পী মীর শামছুল আলম বাবুও স্মরণ করেছেন শৈশবের সঙ্গীকে। তিনি লিখেছেন, ‘বিদায় শুকু, বিদায় ছোটবেলার খেলার সঙ্গী, মাতিয়া বানু শুকু।’
পরিচালক চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আপুর প্রিয় শহীদ মিনারে শ্রদ্ধা। অনন্তলোকে ভালো থেকো শুকু আপু তোমাকে, তোমার হাসি, তোমার উপদেশ আমার মনে থেকে যাবে আজীবন।’
শুকুর সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতি তুলে ধরেছেন ‘সোনার বাংলা সার্কাস’-এর প্রবর রিপন। তার পোস্টে উঠে এসেছে অসুস্থতার মধ্যেও শুকুর রসবোধ, দৃঢ়তা ও রূপক ব্যবহার করে কথা বলার বিশেষ ভঙ্গি।
তিনি লিখেছেন, ‘বিদায় শুকু আপা, আপনার মৃত্যুতে আবার মনে হলো সুদৃঢ় পর্বতেরও একদিন ধ্বসে যেতে হয়, ভালোবাসা তবু সেই দৃপ্ত পর্বতের জন্য। আমাকে বলা আপনার শেষ কথাটি আজীবন আমার কানে প্রতিধ্বনিত হবে, শেষ সেই কথাটি "পঁচা শামুকে পা কেটেছি" এমন মুমূর্ষু অবস্থায়, ব্যথায় এত কাতর, কথা বলার মতো অবস্থায় নেই, তবু ক্যান্সার নিয়ে কি সুন্দর ভাবে রুপক দিয়ে কথা বললেন! এমন শক্ত দৃড় মানুষ আর কখনো দেখবো না মনে হয়, অনন্ত যাত্রার পথে আপনার ডানা এমনই দৃড় থাকবে, যা পরাস্ত করতে পারে সব প্রতিকূলতা। ভালোবাসা নিবেন, দেখা হবে অনন্তে।’
পরিচালক মোস্তফা কামাল রাজ শোক প্রকাশ করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাতিয়া বানু শুকু আপা।’
অভিনেতা ইমতিয়াজ বর্ষণও প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের শুকু আপা আর থাকলো না। আমরা পারি নাই ধরে রাখতে, ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।’
সহকর্মীদের এসব শোকবার্তায় উঠে এসেছে মাতিয়া বানু শুকুর সৃজনশীলতা, ব্যক্তিত্ব, আন্তরিকতা এবং মানুষের সঙ্গে তার গভীর সম্পর্কের নানা দিক। তার নির্মিত গল্প ও কাজের পাশাপাশি ব্যক্তিমানুষ শুকুও যে সহকর্মীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন, সেই কথাই প্রকাশ পেয়েছে তারকাদের স্মৃতিচারণায়।








