Logo

বাংলাদেশি খাবার সুস্বাদু, তবে একটু বেশিই ঝাল: ওটিলিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৬, ১৭:১১
বাংলাদেশি খাবার সুস্বাদু, তবে একটু বেশিই ঝাল: ওটিলিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা বাংলাদেশের খাবারের প্রশংসা করেছেন। তবে এ দেশের খাবারে ঝালের পরিমাণ একটু বেশিই বলে মন্তব্য করেছেন তিনি। প্রায় এক দশক আগে ‘বিলিওনেরারা’ গান দিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পাওয়া এই শিল্পী দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে বাংলাদেশি খাবার, ভক্তদের ভালোবাসা এবং আসন্ন কনসার্ট নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

২০২২ সালের সফরের পর এবার আবারও বাংলাদেশে এসেছেন ওটিলিয়া। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মঞ্চে সংগীত পরিবেশন করবেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর পর বিকেলে রাজধানীর গুলশানের একটি তারকা হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেন এই সংগীতশিল্পী। সেখানে বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

বাংলাদেশের খাবার সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ওটিলিয়া বলেন, 'এখানকার খাবার বেশ সুস্বাদু, তবে অনেক বেশি ঝাল। আমার ঝাল অনেক পছন্দ হলেও সাধারণত এতটা ঝাল খাবারে অভ্যস্ত নই। আমি আমার স্বামী থেকে ঝাল খাওয়া কিছুটা শিখছি। তবে বাংলাদেশের খাবারের ঝাল ডিফারেন্ট লেভেলের। তবে বাংলাদেশের খাবার আমার খুব ভালো লেগেছে।'

দেশের কোন খাবার চেখে দেখতে চান, এমন প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের স্ট্রিট ফুডের প্রতি আগ্রহ প্রকাশ করেন। ওটিলিয়া বলেন, 'আমি বাংলাদেশের স্ট্রিট ফুড ট্রাই করব। বিলাসবহুল রেস্তোরাঁর চেয়ে স্থানীয় ও ঐতিহ্যবাহী খাবার খেতেই বেশি পছন্দ করি আমি। কোনো দেশে গেলে রাস্তায় ঘুরে বেড়ানো, স্থানীয় মানুষের জীবনযাপন দেখা এবং পথের খাবারের স্বাদ নিতে বেশি ভালো লাগে।’

দ্বিতীয়বার বাংলাদেশে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই পপতারকা বলেন, ‘ভক্তদের সঙ্গে দেখা করতেই আবারও বাংলাদেশে এসেছি। এখানে আমার অনেক ক্রেজি ভক্ত রয়েছে। তাদের সামনে সরাসরি গান গাওয়ার সুযোগ পাওয়াটাও আমার জন্য আনন্দের।’

ঢাকার কনসার্ট নিয়েও বেশ আশাবাদী ওটিলিয়া। আয়োজনের বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন, ‘এবারের আয়োজনে দর্শকদের জন্য বিশেষ চমক থাকছে। আগেরবারের তুলনায় এবারের আয়োজন ভিন্ন ও আরও উপভোগ্য হবে বলে আশা করছি।’

অনুষ্ঠানে নিজের বিশ্বব্যাপী জনপ্রিয় গান ‘বিলিয়নেরারা’ পরিবেশন করবেন বলেও জানান তিনি। সাধারণত এই গান দিয়েই পরিবেশনা শুরু করেন ওটিলিয়া। দর্শকদের বিশেষ অনুরোধে কখনো কখনো একই গান দুই থেকে তিনবার পর্যন্ত গাইতে হয় বলেও জানান এই শিল্পী।

সংবাদ সম্মেলনে আগের বাংলাদেশ সফরের স্মৃতিও ভাগাভাগি করেন ওটিলিয়া। তিনি জানান, গতবার এ দেশ থেকে পাওয়া উপহারগুলো এখনো যত্ন করে সংরক্ষণ করেছেন। বিশেষ করে নিজের ও মায়ের জন্য পাওয়া উপহারগুলো তার কাছে বিশেষ স্মৃতি হয়ে রয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের প্রতিও রয়েছে তার আগ্রহ। তবে ইউরোপের শীতল আবহাওয়ার কারণে সেসব পোশাক পরার সুযোগ কম হয়। এবারও বাংলাদেশ থেকে নতুন পোশাক এবং পরিবারের সদস্যদের জন্য উপহার নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

গানের জনপ্রিয়তা তৈরিতে ভাষার চেয়ে অনুভূতিকেই বেশি গুরুত্ব দেন এই সংগীতশিল্পী। তার ভাষায়, ‘মানুষ যে ভাষাই বুঝুক না কেন, গানের অনুভূতি যদি তাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে সেই গান বিশ্বজুড়েই জনপ্রিয় হতে পারে।’

উল্লেখ্য, ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরারা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টে আন্তর্জাতিক সংগীতের পাশাপাশি থাকছে দেশীয় সংগীতের আয়োজন। অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ হিসেবে মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আয়োজনটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD