Logo

পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আপ্লুত দর্শক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৬:৪৬
পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আপ্লুত দর্শক
ছবি: সংগৃহীত

প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে ব্যতিক্রমীভাবে স্মরণ করেছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম। নাটকের পঞ্চম সিজনের শেষ পর্বগুলোতে তাঁর অভিনীত জনপ্রিয় চরিত্র পলি চেয়ারম্যানের মৃত্যুর দৃশ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে পর্বটি প্রয়াত এই অভিনেত্রীর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। নির্মাতাদের এমন উদ্যোগে আবেগাপ্লুত হয়েছেন দর্শকেরা।

বিজ্ঞাপন

‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করতেন গুলশান আরা আহমেদ। নাটকে তাঁর চরিত্রের নাম ছিল পলি চেয়ারম্যান। নোয়াখালীর একটি এলাকার চেয়ারম্যান হিসেবে পরিচিত এই চরিত্রকে শুরুতে সরাসরি পর্দায় দেখা না গেলেও ফোনালাপের মাধ্যমে তাঁর উপস্থিতি ছিল বেশ আকর্ষণীয়। মায়ের পরিচয় নিয়ে কাবিলার গর্ব, বন্ধুদের সঙ্গে কথোপকথন এবং হাস্যরসাত্মক সংলাপের মধ্য দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

পরবর্তী সময়ে কাবিলা ও তার বন্ধুরা গ্রামে গেলে কয়েকটি পর্বে সরাসরি দেখা যায় পলি চেয়ারম্যানকে। অল্প সময়ের উপস্থিতিতেই চরিত্রটি দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়।

গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রী গুলশান আরা আহমেদ। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলার মা হিসেবেই তিনি ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মীদের পাশাপাশি শোকাহত হয়েছিলেন ধারাবাহিকটির অসংখ্য দর্শক।

এবার নাটকের গল্পেও বিদায় নিতে হলো সেই পলি চেয়ারম্যানকে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচ’-এর শেষ ছয়টি পর্ব। সেখানে দেখানো হয়, পলি চেয়ারম্যান মারা গেছেন। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে গ্রামে ফিরে আসে কাবিলা। তার সঙ্গে যায় বন্ধুরাও। মাকে হারানোর এই গল্প ও আবেগঘন দৃশ্য দর্শকদের মন ছুঁয়ে গেছে।

পর্বটির শেষাংশে গুলশান আরার একটি ছবি প্রদর্শন করে তাঁকে শ্রদ্ধা জানায় ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিবার। সেখানে লেখা হয়, ‘প্রয়াত গুলশান আরা আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই পর্বটি তাকে উৎসর্গ করা হলো।’

নাটকের প্রধান চরিত্রে না থাকলেও একজন শিল্পীর প্রতি এমন সম্মান প্রদর্শনের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও নির্মাতাদের এই উদ্যোগ নিয়ে আবেগ ও প্রশংসা প্রকাশ করছেন অনেকে।

এদিকে ১৪০ পর্বে শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকটি ২০১৭ সালে যাত্রা শুরু করে। দীর্ঘ সময় ধরে দর্শকের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে ওঠে নাটকটি। এর চরিত্র, সংলাপ, হাস্যরস এবং আবেগঘন মুহূর্ত জায়গা করে নেয় দর্শকের দৈনন্দিন আলোচনায়।

নির্মাতাদের বক্তব্য অনুযায়ী, পঞ্চম সিজনের মধ্য দিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটেছে। তবে শেষের দিকে গল্পের কিছু অংশ খোলা রাখা হয়েছে। দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা বিবেচনায় ভবিষ্যতে ধারাবাহিকটি আবারও ফিরতে পারে বলে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর উল্লেখযোগ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD