এবার ঢাকায় আসছেন 'ওয়াকা ওয়াকা' খ্যাত গায়িকা শাকিরা

আন্তর্জাতিক সংগীত তারকা শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা করছেন আয়োজকেরা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিলে বাংলাদেশে কনসার্ট করতে পারেন কলম্বিয়ান এই পপ তারকা।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।
তিনি জানান, শাকিরার কনসার্ট আয়োজনের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে। তবে আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য কিংবা টিকিট বিক্রি শুরুর সময় সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। একই সঙ্গে শাকিরার পক্ষ থেকেও বাংলাদেশ সফর বা কনসার্টের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে আপাতত বিষয়টি আয়োজকদের পরিকল্পনার পর্যায়েই রয়েছে।
‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শাকিরা। বিশেষ করে ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকায় আন্তর্জাতিক সংগীত তারকার বড় আয়োজনগুলোর মধ্যে এটি অন্যতম হতে পারে। তবে শাকিরার অংশগ্রহণ ও কনসার্টের বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।








