Logo

কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতায় হারালেন জয়া, মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬, ১২:৪০
কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতায় হারালেন জয়া, মুগ্ধ ভক্তরা
ছবি: সংগৃহীত

নভেম্বরের নীল আকাশে তুষারঢাকা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে পাহাড়ের মনোরম পরিবেশে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সেই ভালো লাগা ভাগ করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (২৯ নভেম্বর) সকালে রৌদ্রোজ্জ্বল আবহে নিজের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন জয়া। ছবিগুলোতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কখনো দূরের কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকতে, আবার কখনো নীল আকাশের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় তাকে।

কোনো ছবিতে চোখে সানগ্লাস, আবার কোনো ছবিতে হাতে কফির কাপ নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার পরনে ছিল সাদা-কালো ডোরাকাটা পোশাক। পেছনে স্পষ্ট দেখা যাচ্ছিল তুষারাবৃত পাহাড়ের চূড়া।

তবে কোথা থেকে ছবিগুলো তুলেছেন, সে বিষয়ে কিছু জানাননি জয়া। ছবির দৃশ্য দেখে অনেকেই ধারণা করছেন, ভারতের দার্জিলিং থেকে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন তিনি।

ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কাঞ্চন জানা কাঞ্চন ঘর, কাঞ্চনজঙ্ঘায় কাঞ্চন মন..।’ পোস্টের সঙ্গে যুক্ত করেছেন অঞ্জন দত্তের গান ‘কাঞ্চন—একটু ভালো করে বাঁচবো বলে’।

জয়ার প্রকাশ করা ছবিগুলো ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটিতে ইতোমধ্যে ১০ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। মন্তব্যের ঘরেও অভিনেত্রীর সৌন্দর্য উপভোগের মুহূর্ত নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে।

ঘোরাঘুরির পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। বর্তমানে ওপার বাংলার টালিগঞ্জের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, নির্মাতা অর্জুন দত্তের নতুন থ্রিলার সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ দেখা যাবে তাকে।

সিনেমাটিতে রহস্য ও রোমাঞ্চের পাশাপাশি মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা নানা অজানা সত্য উঠে আসবে। এর আগে মুক্তি পেয়েছে জয়া অভিনীত টালিউড সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD