‘বড় ছেলে’র নির্মাতা আরিয়ান কোথায়, কেন আড়ালে তিনি?

একসময় একের পর এক জনপ্রিয় নাটক উপহার দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ভালোবাসার গল্পকে ভিন্ন আঙ্গিকে পর্দায় তুলে ধরার কারণে দর্শকের কাছে তিনি পরিচিতি পেয়েছিলেন ‘ভালোবাসার গল্পকথক’ হিসেবে। তবে জনপ্রিয়তার সেই ধারাবাহিকতার পর গত দুই বছর ধরে নির্মাণকাজ থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমেও তাঁর উপস্থিতি এখন খুব একটা চোখে পড়ে না।
বিজ্ঞাপন
গত এক যুগে টেলিভিশন নাটকের জগতে আলোচিত নির্মাতাদের একজন ছিলেন আরিয়ান। তাঁর নির্মিত বহু নাটক দর্শকের প্রশংসা পেয়েছে। বিশেষ করে প্রেম, সম্পর্ক ও আবেগের গল্প বলার নিজস্ব ধরন তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। কিন্তু হঠাৎ করেই যেন নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছেন এই নির্মাতা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর নীরবতা বেশ লক্ষণীয়। ফেসবুকে সর্বশেষ ২০২৫ সালের ২৩ জানুয়ারি একটি পোস্ট দিয়েছিলেন আরিয়ান। অন্যদিকে, তাঁর নির্মিত সর্বশেষ নাটক ‘যুগল’ প্রকাশিত হয় ২০২৪ সালের ৩১ অক্টোবর। এতে অভিনয় করেছিলেন ফররুখ আহমেদ রেহান ও নাজনীন নীহা।
এর আগে ২০২৪ সালের মে মাসে ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ‘প্ল্যান বি’ শিরোনামের একটি ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। এ নিয়ে প্ল্যাটফর্মটির সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছিলেন। তবে ঘোষণার পর আড়াই বছর পেরিয়ে গেলেও সিরিজটির অগ্রগতি সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। নির্মাতা কিংবা চরকি—কোনো পক্ষ থেকেই এ বিষয়ে সাম্প্রতিক কোনো ঘোষণা আসেনি।
আজ ২৯ নভেম্বর মিজানুর রহমান আরিয়ানের জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। নির্মাণে ফেরার বিষয়ে জানতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। ফলে তাঁর নতুন কাজ কিংবা নির্মাণে ফেরার সম্ভাবনা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই।
ক্যারিয়ারে অর্ধশতাধিক নাটক নির্মাণ করেছেন আরিয়ান। তবে তাঁর জনপ্রিয়তার বড় মাইলফলক হয়ে আছে ২০১৭ সালের নাটক ‘বড় ছেলে’। নাটকটি প্রকাশের পর দুই বাংলার দর্শকের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বাংলা নাটকের ইউটিউব ইতিহাসে প্রথমবারের মতো কোনো নাটক এক কোটি ভিউয়ের রেকর্ড গড়ে এই নাটক। বর্তমানে এর দর্শকসংখ্যা প্রায় ছয় কোটি।
‘বড় ছেলে’ ছাড়াও আরিয়ানের নির্মিত ‘ব্যাচ ২৭’, ‘সংসার’, ‘কথোপকথন’, ‘অ্যাংরি বার্ড’, ‘বুকের বাঁ পাশে’, ‘প্রেম তুমি’, ‘ভালো থেকো তুমি’ ও ‘ঘুরে দাঁড়ানোর গল্প’ দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। টেলিভিশন নাটকের পাশাপাশি ওয়েব ফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি।
২০২১ সালে মুক্তি পাওয়া তাঁর ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ বন্ধুত্বের গল্প নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সময় পেরিয়েও ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। এ ছাড়া ‘পুনর্মিলনে’ নামের ওয়েব ফিল্মটিও সাফল্য পেয়েছিল।
ব্যক্তিজীবনেও গত কয়েক বছরে বড় পরিবর্তন এসেছে এই নির্মাতার। গত বছরের শেষ দিকে দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর তাহসিন তামান্নাকে বিয়ে করেন তিনি। চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হওয়ার খবর জানান আরিয়ান। পরে ২৩ আগস্ট সন্তানের পায়ের ছবি প্রকাশ করে জানান, তাঁর স্বপ্নের সন্তান অবশেষে কোলে এসেছে।
ব্যক্তিজীবনের এসব পরিবর্তনের পাশাপাশি নির্মাণজগৎ থেকেও তাঁর দূরত্ব বেড়েছে। বিয়ের প্রায় এক বছর আগে থেকেই তাঁকে তুলনামূলক কম দেখা যাচ্ছিল। বিয়ের পর সেই নিভৃত জীবন আরও স্পষ্ট হয়েছে। তবে দর্শকের কাছে তাঁর জনপ্রিয়তা এখনো অটুট। তাই জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই জানতে চাইছেন, কবে আবার ক্যামেরার পেছনে ফিরবেন ‘বড় ছেলে’র নির্মাতা।
আরিয়ানের নতুন কাজ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও দর্শকের প্রত্যাশা, একদিন আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরবেন তিনি। ভালোবাসা, সম্পর্ক ও জীবনের গল্প নিয়ে হাজির হবেন নতুন কোনো নির্মাণে।








