কুয়েতে ভারতীয় চালকের বাসচাপায় বাংলাদেশি নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক বাসচালকের মৃত্যু হয়েছে। একটি বাসের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করার সময় আরেকটি বাস পেছনের দিকে চলে এসে তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত বাংলাদেশি নাগরিক নিজ বাসের নিয়মিত পরীক্ষা করছিলেন। পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে তিনি বাসটির সামনের অংশের কাছে যান। এ সময় তার সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাস হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাসটি পেছনে আসার সময় দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন বাংলাদেশি চালক। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
কুয়েতি সংবাদমাধ্যমটি নিহত বাংলাদেশি বাসচালকের নাম প্রকাশ করেনি। তবে জানিয়েছে, তিনি ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে যে বাসটি পেছনের দিকে এসে তাকে চাপা দেয়, সেটি চালাচ্ছিলেন ভারতের এক নাগরিক। তার নামও প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই চালকের জন্ম ১৯৮১ সালে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কীভাবে বাসটি হঠাৎ পেছনের দিকে চলে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাটি নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে একটি মামলা করা হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং দায় কার, তা যাচাই করতে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিজ্ঞাপন
বিদেশের মাটিতে কর্মরত এক বাংলাদেশি বাসচালকের এমন মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।








