Logo

হামের তুলনায় নিউমোনিয়ায় মৃত্যু বেশি, গড়ে প্রাণ হারাচ্ছে ৭০ শিশু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মে, ২০২৬, ১৪:০৯
হামের তুলনায় নিউমোনিয়ায় মৃত্যু বেশি, গড়ে প্রাণ হারাচ্ছে ৭০ শিশু
ছবি- এআই।

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ থাকলেও শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামের তুলনায় নিউমোনিয়ায় শিশু মৃত্যুর হার অনেক বেশি। তাদের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়, যা গড়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ জনের মৃত্যু।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিশু বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলেন, দেশে বর্তমানে হাম রোগের প্রাদুর্ভাব থাকলেও আক্রান্ত শিশুদের প্রায় ৯৫ শতাংশই সুস্থ হয়ে ওঠে। টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দেশের প্রায় ৯৫ শতাংশ শিশু এসেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে হামে মৃত্যুর হার শূন্য দশমিক ৮ শতাংশ বলে জানান তারা।

বিজ্ঞাপন

শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিয়াউল হক জানান, সফল টিকাদান কর্মসূচির কারণে একসময় হামের প্রকোপ অনেক কমে গিয়েছিল। তবে গত দুই বছরে টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটায় চলতি বছরের মার্চ থেকে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে।

তিনি বলেন, ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত দুই মাসে ৫৪ হাজার ৪১৯ জনের মধ্যে হাম ও হাম-সদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে ৭০ জন হামে এবং ৩৬৯ জন হাম-সদৃশ উপসর্গ নিয়ে মারা গেছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, নীরবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে নিউমোনিয়ায়। তারা বলেন, হামের চেয়ে নিউমোনিয়ায় শিশু মৃত্যু অনেক বেশি হলেও বিষয়টি ততটা আলোচনায় আসে না।

শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, হামে আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। দেরি হলে জটিলতা বাড়ে। এ রোগ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

তিনি আরও জানান, হামে আক্রান্ত শিশুদের প্রায় ১ শতাংশের ক্ষেত্রে মস্তিষ্কে জটিলতা দেখা দিতে পারে, তবে সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশই সুস্থ হয়ে ওঠে।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. রুহুল আমিন বলেন, দেশে বর্তমানে ব্রেস্ট ফিডিংয়ের হার ৫৬ শতাংশ। অনেক শিশু মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হওয়ায় তাদের রোগপ্রবণতা বাড়ছে। পাশাপাশি প্যাকেটজাত খাবারের ওপর নির্ভরতা শিশুদের জন্য ঝুঁকি তৈরি করছে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. গোলাম সারওয়ার, অধ্যাপক ডা. আসিফ মোস্তফা ও অধ্যাপক ডা. আনোয়ারুল কিবরিয়াসহ অন্যান্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD