Logo

পুষ্টিহীনতার কারণেই হামে বাড়ছে মৃত্যুঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১৯:০৫
পুষ্টিহীনতার কারণেই হামে বাড়ছে মৃত্যুঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ ও শিশু মৃত্যুর পেছনে পুষ্টিহীনতাকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হামে আক্রান্ত শিশুদের বেশিরভাগের মায়েরা অপুষ্টিতে ভুগছেন এবং সেই পুষ্টির ঘাটতির প্রভাব শিশুদের ওপরও পড়ছে। ফলে হামের পাশাপাশি নিউমোনিয়ার মতো জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকি বাড়ছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত হাম ও ডেঙ্গুবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম পরিস্থিতি এবার স্বাস্থ্যখাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আক্রান্ত শিশুদের যথাযথভাবে আলাদা বা আইসোলেশনে রাখা না যাওয়ায় সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে অপুষ্টিজনিত দুর্বলতা শিশুদের শারীরিক প্রতিরোধক্ষমতা কমিয়ে দিচ্ছে, যার কারণে তারা সহজেই নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় আক্রান্ত হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বাস্থ্যব্যবস্থাকে অস্থিতিশীল করতে বিদেশে অবস্থানরত ‘ফ্যাসিস্ট গোষ্ঠী’ বিভিন্নভাবে অপতৎপরতা চালাচ্ছে বলে সরকার মনে করছে। তবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। মহাখালী ক্যানসার হাসপাতাল এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, গুরুতর শিশু রোগীদের চিকিৎসা নিশ্চিতে পিআইসিইউ (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চালু করা হয়েছে। পাশাপাশি হাম ও ডেঙ্গু রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতে ড্যাবের পক্ষ থেকে একটি জাতীয় গাইডলাইন সরকারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সেমিনারে বক্তারা বলেন, শুধু নগরকেন্দ্রিক উদ্যোগ দিয়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়। তৃণমূল পর্যায়ে কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রশাসনিক জটিলতা কমানোর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, স্বাস্থ্যখাতের যেকোনো ইতিবাচক কর্মসূচি বাস্তবায়নে দক্ষ, যোগ্য এবং আদর্শিক চিকিৎসকদের নেতৃত্বে আনা জরুরি। তা না হলে বিভিন্ন ধরনের নাশকতা বা সমন্বয়হীনতার কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।

ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহ পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম আহমেদ। এছাড়া বক্তব্য দেন ড্যাবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক এ কে এম খালেকুজ্জামানসহ অন্যান্য চিকিৎসক নেতারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD