হাম পরিস্থিতিতে চিকিৎসক–স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

দেশজুড়ে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব চিকিৎসক, কর্মকর্তা–কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংকটকালীন পরিস্থিতিতে চিকিৎসাসেবা অব্যাহত রাখা, জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং চলমান হামের টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি স্বাস্থ্যখাতে কর্মরতদের অর্জিত, নৈমিত্তিকসহ সব ধরনের ছুটি স্থগিত থাকবে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং দেশের সব সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরিস্থিতি বিবেচনায় কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও এর জটিলতা হিসেবে নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় টিকাদান কার্যক্রম জোরদার ও আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুদের হামের টিকা রোগ প্রতিরোধে কার্যকর। তবে সময়মতো চিকিৎসা না নিলে হামের জটিলতা নিউমোনিয়ায় রূপ নিয়ে প্রাণঘাতী হতে পারে। এ কারণে উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







