হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৭৪

দেশে হামের প্রকোপ কমার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৪ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে।
এ ছাড়া গত এক দিনে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের মাধ্যমে ৯৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জন।
বিজ্ঞাপন
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যুর ঘটনায় ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৭ জনে পৌঁছেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।
বিজ্ঞাপন
ফলে ১৮ জুন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯৩ জনেই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।







