Logo

বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় ভারতে দেশদ্রোহিতা মামলার নির্দেশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৫, ১৮:১১
বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় ভারতে দেশদ্রোহিতা মামলার নির্দেশ
আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা | ফাইল ছবি

ভারতের আসামে দলীয় এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়াকে কেন্দ্র করে দেশদ্রোহিতার মামলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। বিষয়টি নিয়ে আসামজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর আসামের শ্রীভূমিতে কংগ্রেসের এক দলীয় সভায় স্থানীয় নেতারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কংগ্রেস।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেন, এটি ভারতের জাতীয় অনুভূতিকে অপমান করার শামিল। কংগ্রেস নেতারা যেভাবে ভক্তি নিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন, তা একেবারেই অগ্রহণযোগ্য।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আসামের মানুষ কোনো অবস্থাতেই এমন আচরণ মেনে নেবে না।

শর্মা জানান, যারা ওই জাতীয় সংগীত গেয়েছেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, এই ঘটনা আসামের সার্বভৌমত্ব ও ভারতের অভ্যন্তরীণ ঐক্যের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমাদের ভূমি নিয়ে যে ‘বৃহৎ বাংলাদেশের’ ধারণা মাঝে মাঝে তোলা হয়, এই কাজ তারই প্রতিধ্বনি।

বিজ্ঞাপন

এদিকে কংগ্রেসের লোকসভা উপনেতা গৌরব গোগোইয়ের নীরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া মানে গোপনে সমর্থন জানানো। এটি আসামের জনগণের প্রতি অসম্মান।

ঘটনাটির পর আসামের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংগীত নিয়ে এমন বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তেজিত করে তুলতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD