রমজানের আগে আফগান যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান

পবিত্র রমজান মাস শুরুর আগেই আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে পাকিস্তান—এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, সীমান্তপথে হামলা অব্যাহত থাকলে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে ইসলামাবাদ।
বিজ্ঞাপন
বুধবার (১১ ফেব্রুয়ারি) পাকিস্তানের গণমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আফগান তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের কিছু পর্যায়ের আলোচনা চলমান রয়েছে। তবে এসব আলোচনার পরও পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা কমছে না।
আরও পড়ুন: কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ১০
পাকিস্তানের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)সহ একাধিক গোষ্ঠী ঘাঁটি গেড়ে কার্যক্রম চালাচ্ছে। এসব গোষ্ঠীর সদস্যরা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভেতরে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।
বিজ্ঞাপন
গত কয়েক মাসে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দেশটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।
এরই মধ্যে গত শুক্রবার রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩১ জন নিহত হন এবং ১৬০ জনের বেশি মানুষ আহত হন। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারী প্রথমে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়, পরে মসজিদের ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়।
বিজ্ঞাপন
এ ঘটনার পর খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশেও একাধিক হামলার খবর পাওয়া গেছে।
খাজা আসিফ সতর্ক করে বলেন, আফগান কর্তৃপক্ষ যদি তাদের ভূখণ্ডে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে এর দায়ভার আফগান সরকারের ওপরই পড়বে।
সূত্র: এআরওয়াই নিউজ








