চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আগের তুলনায় আরও বেশি শক্তি নিয়ে সামরিক প্রস্তুতি নিচ্ছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরানের সামনে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশটি ইরানি জনগণের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবে।
তবে তিনি সতর্ক করে বলেন, যদি ইরান ভুল পথে এগোয়, তাহলে তাদের ওপর কঠোর অবরোধ আরোপ করা হবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে হামলা চালানো হতে পারে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ বৃদ্ধির অংশ হিসেবে ইরান সংশ্লিষ্ট সব জাহাজের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এই বিধিনিষেধ অনুযায়ী ইরানে প্রবেশ বা দেশটি থেকে বের হওয়া সব জাহাজ নজরদারির আওতায় থাকবে।
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ইরানের পতাকাবাহী জাহাজ বা দেশটিকে সহায়তা করছে এমন কোনো জাহাজকে সক্রিয়ভাবে নজরদারিতে রাখা হবে।
তিনি আরও জানান, অবরোধ ভঙ্গের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজ আটক ও সতর্ক করা হবে। নির্দেশনা অমান্য করলে শক্তি প্রয়োগ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
বিজ্ঞাপন
ব্রিফিংয়ে বলা হয়, ইরানের আঞ্চলিক জলসীমার পাশাপাশি আন্তর্জাতিক জলসীমাতেও এ অবরোধ কার্যকর থাকবে।








