লেবানন-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। দুই দেশের মধ্যে চলমান সংঘাত নিরসনে উভয় পক্ষ ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ঘোষণায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করা হয়নি, যাদের সঙ্গে ইসরায়েলের সংঘাত অব্যাহত রয়েছে।
পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পথে অগ্রগতি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ওয়াশিংটনে দীর্ঘ ৩৪ বছর পর দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছিল, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে তিনি নির্দেশ দিয়েছেন, যাতে তারা দুই দেশের সঙ্গে সমন্বয় করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন।
এছাড়া ট্রাম্প দাবি করেন, বিশ্বে একাধিক সংঘাত নিরসনে তিনি ভূমিকা রেখেছেন এবং এটিকে তার আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন।








