Logo

ইউরোপে জেট ফুয়েল সংকট, মজুত আছে মাত্র ৬ সপ্তাহের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৬, ১২:৫৯
ইউরোপে জেট ফুয়েল সংকট, মজুত আছে মাত্র ৬ সপ্তাহের
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ইউরোপের বিমান চলাচল খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে। বর্তমানে ইউরোপীয় দেশগুলোর হাতে যে পরিমাণ জেট ফুয়েল মজুত রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ ছয় সপ্তাহ পর্যন্ত কার্যক্রম চালানো সম্ভব হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

ফ্রান্সভিত্তিক আন্তঃসরকার সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এক সাক্ষাৎকারে জানান, বিদ্যমান মজুত দ্রুত শেষ হয়ে গেলে ইউরোপের বিভিন্ন শহরের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তিনি বলেন, হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ফিরিয়ে আনা না গেলে এই সংকট আরও তীব্র হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। দীর্ঘদিন এই অচলাবস্থা চলতে থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে এবং মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে ধনী-গরিব সব দেশই ক্ষতিগ্রস্ত হবে।

বিজ্ঞাপন

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট, যেখানে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশ পণ্য পরিবাহিত হয়।

যুদ্ধ শুরুর পর ইরান এই গুরুত্বপূর্ণ প্রণালিতে অবরোধ আরোপ করে। পরবর্তীতে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের বৈঠকও ব্যর্থ হয়, যার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও হরমুজ প্রণালিকে ঘিরে আরও কঠোর অবরোধ আরোপ করে।

বিজ্ঞাপন

বর্তমানে এই প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থার তুলনায় অনেক কম। যেখানে প্রতিদিন ১২০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত, সেখানে এখন গড়ে মাত্র ১০ থেকে ১২টি জাহাজ চলাচল করছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে ইউরোপের বিমান খাতসহ বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: এপি, এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD