যুদ্ধবিরতির আশায় কমলো বিশ্ববাজারে তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বিশেষ করে ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলেছে তেলের দামে।
বিজ্ঞাপন
সর্বশেষ তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে ৯৪ ডলারের নিচে অবস্থান করছে।
এর আগে গত মার্চে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। যদিও সাম্প্রতিক সময়ে তা কিছুটা কমে এসেছে, তবুও পুরো সপ্তাহজুড়ে দাম ৯০ ডলারের ঘরেই রয়েছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক তৎপরতা বাড়ার ইঙ্গিত বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে—যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে জোরদার করেছে।
এছাড়া লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণাও বাজারে আশাবাদ বাড়িয়েছে। ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন।
জানা গেছে, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকরা বলছেন, সংঘাত কমার সম্ভাবনা যত বাড়বে, তেলের বাজারে অস্থিরতা তত কমে আসবে এবং দাম আরও স্থিতিশীল হতে পারে।
সূত্র: আল-জাজিরা








