দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন বিল গেটস

বিল গেটস ব্যক্তিগত জীবনের এক বিতর্কিত অধ্যায় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ টাউন হল বৈঠকে তিনি স্বীকার করেন, অতীতে দুই রুশ নারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তবে ওই নারীরা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন–এর পাচারচক্রের ভুক্তভোগী ছিলেন না বলে তিনি স্পষ্ট করেন।
বিজ্ঞাপন
এপস্টিনের সঙ্গে গেটসের যোগাযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছিল। এ প্রেক্ষাপটে সাম্প্রতিক ওই বৈঠকে কর্মীদের প্রশ্নের জবাবে বিষয়টি ব্যাখ্যা করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। এ তথ্য নিশ্চিত করে রয়টার্স–কে দেওয়া এক লিখিত বিবৃতিতে ফাউন্ডেশনের মুখপাত্র জানান, নির্ধারিত সভায় এপস্টিন-সংক্রান্ত নথি প্রকাশসহ বিভিন্ন ইস্যুতে গেটস সরাসরি উত্তর দিয়েছেন।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে বলা হয়, দণ্ডিত অপরাধী এপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখা এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তাকে সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নেওয়াকে গেটস “বড় ধরনের ভুল” হিসেবে উল্লেখ করেছেন। সভায় তিনি বলেন, “আমার সিদ্ধান্তের কারণে যারা অস্বস্তিতে পড়েছেন বা এই বিতর্কে জড়িয়ে গেছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।”
বিজ্ঞাপন
তবে কোনো বেআইনি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন গেটস। তার ভাষ্য, “আমি কোনো অবৈধ কাজ করিনি, কিংবা এমন কিছু প্রত্যক্ষও করিনি।” যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত কিছু নথিতে তাকে কয়েকজন নারীর সঙ্গে ছবি তুলতে দেখা গেলেও সেসব ছবিতে নারীদের পরিচয় গোপন রাখা হয়েছে।
এর আগে গেটস দাবি করেছিলেন, এপস্টিনের সঙ্গে তার যোগাযোগ ছিল মূলত দাতব্য কার্যক্রম নিয়ে আলোচনা ঘিরে। সাম্প্রতিক বক্তব্যেও তিনি বলেন, বৈঠক শেষে এপস্টিনের অনুরোধে সহকারীদের উপস্থিতিতে কিছু ছবি তোলা হয়েছিল। “আমি কখনও ভুক্তভোগী বা তার আশপাশের নারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটাইনি,”—যোগ করেন তিনি।
বিজ্ঞাপন
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গেটসের অতীত সম্পর্ক ও এপস্টিনের সঙ্গে যোগাযোগের বিষয়টি আবারও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় এসেছে।








