Logo

হাসপাতালে পরীক্ষা শেষে ফের কারাগারে নেওয়া হলো ইমরান খানকে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট, ২০২৬, ১১:৪৪
হাসপাতালে পরীক্ষা শেষে ফের কারাগারে নেওয়া হলো ইমরান খানকে
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টা হাসপাতালে রাখার পর আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে ভোরে তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। দেশটির সরকার ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সর্বোচ্চ আদালত তা গ্রহণ করেনি। আদালতের নির্দেশনা অনুযায়ী শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার পর রাজনৈতিক মহলে ধারণা করা হয়েছিল, তাকে কয়েক দিন সেখানে রেখে চিকিৎসা দেওয়া হতে পারে। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা শেষ করে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার হাসপাতালে যাওয়া ও ফিরে আসাকে কেন্দ্র করে শিফা আন্তর্জাতিক হাসপাতাল এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তার কারণে হাসপাতালটির আশপাশের কয়েকটি সড়কও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ইমরান খানের দীর্ঘ বন্দিজীবনে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে পরিবারের সদস্য ও দলীয় নেতারা একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার দাবিও জানিয়ে আসছিলেন তারা।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে জাতীয় সংসদে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। পরবর্তী সময়ে ২০২৩ সালের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাসহ একাধিক মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

সূত্র: দ্য ডন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD