ইরানের ৫ হাজারেরও বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস: দাবি যুক্তরাষ্ট্রের

গত ১০ দিনে ইরানের ৫ হাজারেরও বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সেন্টকোমের বিবৃতি অনুযায়ী, ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ৫০টিরও বেশি ইরানি যুদ্ধজাহাজ ও নৌযান। এছাড়াও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্র, সামরিক যোগাযোগ কেন্দ্র এবং বিভিন্ন সামরিক কমান্ডকেন্দ্র অন্তর্ভুক্ত।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সংলাপ শেষ হয়।
বিজ্ঞাপন
এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামের অভিযান চালায়। যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তা নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়ে ইরানের জ্বালানি কাঠামো এবং কয়েকটি তেল ডিপো ক্ষতিগ্রস্ত করেছে।
হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশে — সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান — মার্কিন সেনাঘাঁটিতে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








