এবার ইরানের টার্গেট গুগলসহ যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ত প্রযুক্তি কোম্পানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংযুক্ত প্রযুক্তি কোম্পানি এবং তাদের অবকাঠামোকে নতুন লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হবে।
বিজ্ঞাপন
আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিমকে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানির অফিস ও অবকাঠামোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এসব প্রযুক্তি সামরিক কাজে ব্যবহৃত হওয়ায় এগুলো ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হতে পারে।
তালিকায় গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া এবং ওরাকল–এর নাম রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক সেবা সংক্রান্ত অফিস ও অবকাঠামো শুধুমাত্র ইসরায়েলের শহরগুলোতে নয়, কিছু উপসাগরীয় দেশেও রয়েছে।
বিজ্ঞাপন
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ অবকাঠামোগত ধাপে বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের বৈধ লক্ষ্যবস্তু পরিধিও বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান অঞ্চলজুড়ে তাদের সঙ্গে সংযুক্ত অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোতেও হামলার হুমকি দিয়েছে। খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, “ইরানের ব্যাংকগুলোতে হামলার পর শত্রুরা এমন পরিস্থিতি তৈরি করেছে যে, এখন অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্ট শাসনব্যবস্থা’ সম্পর্কিত অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমরা সতর্ক করছি, এসব ব্যাংকের এক কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ মানুষ যেন না থাকে।”
সূত্র: তাসনিম।








