Logo

হরমুজ প্রণালি দিয়ে ২ ভারতীয় ট্যাংকারকে চলাচলের অনুমতি দিল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ, ২০২৬, ১৩:৪৬
হরমুজ প্রণালি দিয়ে ২ ভারতীয় ট্যাংকারকে চলাচলের অনুমতি দিল ইরান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ভারতের দুটি তেলবাহী ট্যাংকার জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, অনুমতি পাওয়া দুই ট্যাংকার জাহাজের নাম ‘পুষ্পক’ ও ‘পরিমল’। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত মঙ্গলবার সৈয়দ আব্বাস আরাগচি–র সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ওই ফোনালাপের পরই ইরান হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় এই দুই ট্যাংকারকে নিরাপদে চলাচলের অনুমতি দেয়।

এদিকে গতকাল বুধবার হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিন জন নাবিক নিখোঁজ হন।

বিজ্ঞাপন

সেই হামলার পর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিবৃতিতে বলা হয়েছিল, জাহাজটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কান্দলা বন্দরের দিকে আসছিল এবং যে তিন জন নাবিক নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ভারতের নাগরিক ছিলেন।

তারপর বুধবার হরমুজ প্রণালি দিয়ে দুই ট্যাংকার জাহাজকে নিরাপত্তা প্যাসেজ দিলো ইরান। অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এস জয়শঙ্করের।

আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।

বিজ্ঞাপন

হরমুজ প্রণালিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’-ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

বিজ্ঞাপন

যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো দেশের তেলবাহী ট্যাংকার জাহাজকে আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিল ইরান।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস, ফার্স্টপোস্ট

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD