Logo

ইরানে সাড়ে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ, ২০২৬, ১৬:৫৯
ইরানে সাড়ে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের অভ্যন্তরে এখন পর্যন্ত ৫ হাজার ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন অবকাঠামো এবং নৌবাহিনীর বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে আঘাত হানা হচ্ছে।

কুপার জানান, এখন পর্যন্ত ৬০টির বেশি জাহাজসহ মোট ৫ হাজার ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় বিভিন্ন ধরনের আধুনিক ও নির্ভুল গাইডেড অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েল -মার্কিন যৌথ হামলায় এরই মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতউল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

অ্যাডমিরাল কুপার জানান, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন হামলার তীব্রতা আরও বেড়েছে। তিনি বলেন, শুধু গতকালই বিভিন্ন দিক থেকে প্রায় প্রতি ঘণ্টায় হামলার বহুমুখী হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ইরানের ‘সোলাইমানি’ শ্রেণির চারটি যুদ্ধজাহাজের শেষটিও ধ্বংস করা হয়েছে, ফলে ওই শ্রেণির পুরো নৌবহর এখন যুদ্ধক্ষমতা হারিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার (১০ মার্চ) বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে ওই দিনটি ছিল ‘সবচেয়ে তীব্র’ হামলার দিন।

বিজ্ঞাপন

কুপার বলেন, ধারাবাহিক হামলার ফলে ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে ভবিষ্যৎ হুমকি দূর করতে ইরানের সামরিক উৎপাদন অবকাঠামোও লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

তিনি জানান, গত রাতে মার্কিন বোমারু বিমান একটি বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। কারণ ধারাবাহিক হামলার ফলে ‘লক্ষ্যবস্তু প্রায় শেষ হয়ে এসেছে’ বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD