ইরানে হামলার পর প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইরানে চলমান হামলার জেরে দেশটির ভেতরে প্রায় ৩২ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)।
বিজ্ঞাপন
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এ পর্যন্ত প্রায় ৩২ লাখ মানুষ নিরাপত্তার কারণে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, দেশজুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিস্থিতি পর্যালোচনা করে এই আনুমানিক হিসাব নির্ধারণ করা হয়েছে। সংঘাত অব্যাহত থাকলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। এতে মানবিক পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে যৌথ সামরিক অভিযান চালাচ্ছে। এর জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ জড়িত রয়েছে, সেখানেও হামলা অব্যাহত রেখেছে। এর ফলে সংঘাতটি ইতোমধ্যে অঞ্চলের অন্তত ১৪টি দেশে প্রভাব ফেলেছে।
সূত্র: আল-জাজিরা








