আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান হামলা

আফগানিস্তানের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানী কাবুলে চালানো হামলায় অন্তত চারজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
কাবুল পুলিশের মুখপাত্র খলিল জারদান জানান, বোমা হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, তাদের বাহিনী মূলত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, রাজধানীর পাশাপাশি দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং পূর্বাঞ্চলের পাকটিয়া ও পাকটিকা প্রদেশেও হামলা হয়েছে। কান্দাহারে বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপোতেও আঘাত হানা হয়েছে বলে তিনি জানান।
পাকিস্তান দাবি করেছে, তাদের অভিযানে কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। তবে দুই পক্ষের দেওয়া হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানিয়েছে পর্যবেক্ষকরা।
এদিকে জাতিসংঘের আফগানিস্তান মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত পাকিস্তানের সামরিক অভিযানে আফগানিস্তানে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৪ জন শিশু।
বিজ্ঞাপন
অন্যদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলমান সংঘাতের কারণে প্রায় এক লাখ ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে ২৬ ফেব্রুয়ারি, যখন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এর পরপরই পাকিস্তান তালেবান প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ২৭ ফেব্রুয়ারি কাবুলে বোমা হামলা চালায়। এরপর থেকে সীমান্ত অঞ্চলে সংঘর্ষের মাত্রা ক্রমেই বাড়ছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








