ইরানকে বিশ্বকাপে না খেলার পরামর্শ ডোনাল্ড ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইরানের অংশগ্রহণেও। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে স্বাগত হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিরাপদ নাও হতে পারে। তার মতে, বিদ্যমান পরিস্থিতিতে বিশ্বকাপে গেলে দলটির খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে।
আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপ। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ইতোমধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। টুর্নামেন্টে ‘জি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। সূচি অনুযায়ী ইরানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে।
বিজ্ঞাপন
তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে সংশয় প্রকাশ করেছে দেশটির সরকারও। এক সাক্ষাৎকারে ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন এবং বিশ্বকাপে অংশ নেওয়ার মতো পরিবেশও এখন নেই।
তিনি আরও বলেন, দেশের মর্যাদা ও নিরাপত্তা তাদের কাছে সবার আগে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রীড়া আসরে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় তিন মাস বাকি। সময়ের সঙ্গে সঙ্গে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও পরিষ্কার হবে। শেষ পর্যন্ত যদি ইরান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তবে বিকল্প দল অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ফিফা।








