রাশিয়ার তেল বিক্রির নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) অনলাইনে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বহনকারী জাহাজগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে বাধাহীনভাবে চলাচলের অনুমতি পাবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর তেল বিক্রির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপ করে ইরান, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।
এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর সিদ্ধান্তে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। তার মতে, এই পদক্ষেপ তেহরানের চাপ মোকাবিলাতেও সহায়ক হবে।
আরও পড়ুন: আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান হামলা
বিজ্ঞাপন
এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, শত্রুদের ওপর চাপ ধরে রাখতে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, চলমান সংঘাতের মধ্যেও ইরান তাদের অবস্থান থেকে সরে আসবে না।
উল্লেখ্য, সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান








