ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী সম্পর্কে কিছু গোপন তথ্য ইরানকে সরবরাহ করতে পারেন। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা অনুযায়ী পুতিন হয়তো ইরানকে কিছুটা সহায়তা করছেন। তবে বিষয়টি নিয়ে তিনি নিশ্চিত নন বলেও ইঙ্গিত দেন।
তিনি আরও বলেন, পুতিন সম্ভবত মনে করেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে সহায়তা করছে—এমন ধারণা থেকেই হয়তো রাশিয়া ইরানকে সমর্থন দিতে পারে।
বিজ্ঞাপন
ট্রাম্প ইঙ্গিত দেন, আন্তর্জাতিক রাজনীতিতে বড় শক্তিগুলো প্রায়ই একে অপরের মিত্রদের সহায়তা করে থাকে। তার মতে, একই পরিস্থিতিতে চীনও অনুরূপ অবস্থান নিতে পারে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে— মস্কো তেহরানকে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের অবস্থানসংক্রান্ত তথ্য দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব তথ্যের মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র : আনাদোলু এজেন্সি








